
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বনভূমি উজাড় করে যত্রতত্র ভবন নির্মাণ না করার দাবিতে সংহতি সমাবেশ করেছেন বর্তমান ও সাবেক শিক্ষার্থী-শিক্ষকেরা। আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে ‘জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন’-এর ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
সংহতি সমাবেশে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, যেসব বিভাগে শ্রেণিকক্ষের সংকট রয়েছে, সেসব নিরসনের জন্যই মহাপরিকল্পনা প্রণয়ন করা দরকার। এগুলো যাতে কার্যকরভাবে হয়, টেকসইভাবে হয়, কারও ক্ষতি করে না হয়, প্রাণ-প্রকৃতি ধ্বংস করে না হয়, সে জন্যই মাস্টারপ্ল্যান দরকার। সম্প্রতি আইবিএ ভবনের জন্য রাতের আঁধারে চোরের মতো গাছ কাটা হয়েছে। প্রশাসন বলছে, তারা কিছুই জানে না। কিন্তু যারা গাছ কেটেছে, তারা প্রশাসনের অনুমতিতেই কেটেছে। এ দায়িত্ব নিতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে, বর্তমান উপাচার্যকে।
আনু মুহাম্মদ বলেন, বাংলাদেশে যেমন যত্রতত্র ভবন নির্মাণ করা হচ্ছে বন উজাড় করে, নদী ভরাট করে, জাহাঙ্গীরনগরেও একই কাজ হচ্ছে। এসব কাজের বিপক্ষে যদি একজনও থাকে, তার মতামতের গুরুত্ব দিতে হবে। তাঁর মতামতের গুরুত্ব দিতে হবে যৌক্তিকতার জোরে, নৈতিকতার জোরে। একটা বিশ্ববিদ্যালয়ে জবাবদিহিহীন প্রক্রিয়া চলতে পারে না। প্রশাসনকে সবকিছুর দায়িত্ব নিতে হবে, কাজের স্বচ্ছতা থাকতে হবে। জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের জন্যই মাস্টারপ্ল্যান প্রণয়ন করতে হবে।
জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের জন্যই মাস্টারপ্ল্যান প্রণয়ন করতে হবে।
ইতিহাস বিভাগের অধ্যাপক পারভীন জলী বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় আসা ১ হাজার ৫০০ কোটি টাকা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের চরিত্র নষ্ট করেছে। এই ১ হাজার ৫০০ কোটি টাকাই সব অনর্থের মূল। অপ্রয়োজনীয় ভবন নির্মাণ না করার জন্য যখনই প্রশাসনকে বলা হয়েছে, তারা জানিয়েছে এসব ভবন নির্মাণ না করা হলে টাকা চলে যাবে। কিন্তু এই টাকা সরকারের কাছে ফেরত যাবে, সেই টাকা সরকার জনগণের পেছনে খরচ করবে। যদি ভবনের প্রয়োজন না থাকে, তাহলে টাকা ফেরত যাওয়ার ভয়ে কেন যত্রতত্র ভবন করতে হবে।
পারভীন জলী বলেন, প্রশাসন বিশ্ববিদ্যালয়কে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বানাতে চায়। কারণ, প্রাইভেটে শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করতে হয় না। পাবলিক বিশ্ববিদ্যালয় জনগণের টাকায় চলে, এখানে জনগণকে জবাবদিহি করতে হয়। শিক্ষার্থীদের জবাবদিহি করতে হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি ধ্বংস করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বানানোর যে পাঁয়তারা চলছে, তা বন্ধ করতে হবে।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের (একাংশের) সাধারণ সম্পাদক রাকিবুল রনি বলেন, অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় লেকচার থিয়েটারে প্রতিটি কক্ষে ১০০ জন ধারণক্ষমতাসম্পন্ন ৬২টি কক্ষ তৈরি হচ্ছে। তাহলে নতুন ভবন তৈরি করার প্রয়োজন কোথায়? যেসব বিভাগের ক্লাসরুমের সংকট রয়েছে, তাদের তিনটি করে কক্ষ দিলেও ২০টি বিভাগের শ্রেণিকক্ষের সংকট দূর হয়ে যাবে। কিন্তু প্রশাসন সেসব স্পষ্ট না করে ভবন নির্মাণ করে চলছে।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী জোবায়দা মৌটুসীর সঞ্চালনায় সংহতি সমাবেশে আরও বক্তব্য দেন উন্নয়ন অর্থনীতিবিষয়ক গবেষক মাহা মির্জা, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের শিক্ষক অলিউর রহমান, অধ্যাপক মাফরুহী সাত্তার, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আলমগীর কবীর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি মুশফিক উস সালেহীন, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মিহির বিশ্বাস প্রমুখ।