
পৌষের ভোরে পুব আকাশে উঠেছে লাল সূর্য। তীব্র শীতে কুয়াশা কম হলেও নদীর মধ্যে খুব বেশি দূরত্বে দেখা যায় না। নদীর মধ্যে জেগে ওঠা কাদাচরে পাখির বিচরণ, তা–ই খালি চোখে দেখা কষ্টকর। এরই মধ্যে গত শুক্রবার ভোরে ভোলা খালের খেয়াঘাট থেকে উপকূলীয় জলচর পাখিশুমারি দলের সঙ্গে নৌকায় উঠে পড়ি আমি। আমার সঙ্গে ক্যামেরা ছাড়া আর কিছু নেই। তবে শুমারি দলের কাছে দেখার যন্ত্র (বাইনোকুলার), ক্যামেরা সব আছে। পাখিগুলো তাঁদের চেনা। পাখির ডাক শুনে, চালচলনে চিনে নিতে পারেন তাঁরা।
পাখির বিচরণক্ষেত্র, জীবনমান, স্থানীয় মানুষ ও পরিবেশের নেতিবাচক পরিবর্তন প্রতিরোধে ৩৫ বছর ধরে ভোলায় জলচর পরিযায়ী পাখিশুমারি হয়ে আসছে। শুক্রবার ভোরে ভোলা খালের খেয়াঘাট থেকে পাখি–গবেষক বাংলাদেশ বার্ডস ক্লাবের সহসভাপতি সায়েম উল চৌধুরীর নেতৃত্বে একটি দল শুমারির কার্যক্রম শুরু করে। দলটি ৯ দিন (১৩-২১ জানুয়ারি) নদীতে থাকবে। ১৯৮৭ সাল থেকে সারা বিশ্বের সঙ্গে ভোলায়ও এই শুমারি হচ্ছে।
খেয়াঘাট, শান্তিরহাট, বাঘমারা সেতু পেছনে ফেলে শুমারি দলের ট্রলার সামনে এগিয়ে চলছে। সামনে তেঁতুলিয়া নদী। খেয়াঘাট আসলে কোনো নদী নয়; এটা তেঁতুলিয়া নদী থেকে বেঁকে আসা ভোলা খালের অংশ। কিন্তু বাংলাদেশের অনেক নদ-নদীর তুলনায় কয়েক গুণ বড়। খালের দুই পাশে সদ্য গড়ে ওঠা কারখানা, হিমাগার, ইটভাটা, উপকূলীয় বন, ফসলি খেত, হোগলাপাতা, কাশফুল, নলখাগরার বন। এই কাকডাকা ভোরেই তীর থেকে মাটি কেটে ট্রলারে তুলছিলেন ইটভাটার শ্রমিকেরা। শীতের মধ্যে জাল নিয়ে মাছ ধরতে নেমেছেন জেলেরা। ধান কাটতে লোকালয় থেকে নৌকায় করে চরের দিকে যাচ্ছিলেন দিনমজুরেরা। রাখালেরা মহিষ ও গরুর পাল নিয়ে মাঠে নেমেছেন। রোদ পোহানো গবাদিপশুর গায়ে বসে শালিক, বক আর পানকৌড়ি ওড়াওড়ি করছিল।
ট্রলার যখন খাল পেরিয়ে তেঁতুলিয়া নদীতে পৌঁছাল, দেখি, বিস্তৃত নদী। জেলেরা জাল পেতে, নৌকার মধ্যে কেউ কম্বল গায়ে জবুথবু বসে আছেন, কেউ ঘুমাচ্ছেন। মানুষের উপদ্রব কিছুটা কম থাকায় ফাঁকা বিলে শোনা গেল পাখিদের কলরব। উড়ন্ত পাখির ডাক শুনে ট্রলারের গতি কমাতে বললেন পর্বতারোহী ও পাখি–পর্যবেক্ষক এম এ মুহিত। একাধিক বাইনোকুলার তাক করা হলো চরের আশপাশ ঘুরিয়ে। পাখিবিশেষজ্ঞ সায়েম উল চৌধুরীর সঙ্গে পরামর্শ করলেন মুহিত। ট্রলার নোঙরের সিদ্ধান্ত হলো ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বাঘমারার পাতাবুনিয়া চরে। সবার সঙ্গে আমিও নেমে পড়লাম।
আমাদের উপস্থিতি টের পেয়ে পাখিদের চঞ্চলতা বেড়ে যায়। খাবার খেতে খেতে দ্রুত পিছিয়ে যাচ্ছিল, স্থান ত্যাগ করছিল, আবার বসছিল। ছয় থেকে সাতটি গো-বক ওড়াউড়ি করছিল। দুটো ব্ল্যাক কাইট-যাকে বলে ভুবন চিল উড়ে গেল মাথার ওপর দিয়ে। বাইনোকুলার দিয়ে দেখে শুমারি দলের সদস্যরা সবাই একমত হলেন, এখানে ১৫টি কালো মাথা কাস্তে চড়া, একটি শামুকখোল, ৫০টির মতো প্রশান্ত সোনা জিরিয়ার দেখা মিলেছে।
শুমারি দল পরবর্তী নোঙর করেছে পাতার চরে। পাতাবুনিয়া থেকে আমাদের ট্রলার ছেড়ে যেতে, নদীর কিনারে দেখা গেল, অসংখ্য খুঁটির ওপর বসে মাছ শিকারে ব্যস্ত ছোট আবাবিল ও ছোট পানকৌড়ি। অপরিচিত মানুষের উপস্থিতি টের পেয়ে ওরা খুঁটি বদল করে। জোয়ারে ডুবে যাওয়া পাতারচরের নরম কাঁদায় পা ডুবিয়ে খাবার খেতে দেখা গেল আরও কিছু পাখিকে। এখানে আগের চরের পাখিগুলো ছাড়াও শতাধিক মেটে মাথা টিটির দেখা মিলেছে। খাবার খেতে খেতে মাথা তুলে তারা স্বচকিত। অপূর্ব এদের চলনভঙ্গি।
বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীর মধ্যে গঙ্গাপুরের কাছে গাজীর চরের কিছু অংশে কাদারচর। এখানে চাষাবাদ নেই। চরের পাশে নদীর মধ্যে কিছু ঝাউর ফেলে মাছ ধরছিলেন জেলেরা। হাজারো ডিম পাড়া হাঁস নিয়ে খামারি ছেলেরা পরিযায়ী পাখির মধ্যে হল্লা করছিল। এতে কিছু আসে যায় না পাখিদের। ওরা যেন মিলেমিশে আত্মীয় হয়ে আছে। শত শত বক, পানকৌড়ি, পরিযায়ী পাখি নীরবে-নিঃশব্দে চলছে। শুমারি দলের নৌকা যেন ওদের সবার চঞ্চলতা বাড়িয়ে দেয়। এখানে পাখিরা না আমাদের, না জেলে, না রাখাল বালকদের উপস্থিতি পছন্দ করে। নীরবে থাকতেই ওদের পছন্দ, জানালেন পাখিবিশেষজ্ঞরা।
শুমারি দলের সঙ্গে গঙ্গাপুর মাঝের চর, ট্যাগরার চর ঘুরে জ্বালালি পানচিল, জুলফিপানচিল, কালো মাথা পানচিল, খুন্তেহাঁস, ল্যাঞ্জাহাঁস, পাতি শরালি, লালচে বক, বড় বগা, খয়রা চখাচখি, পাকড়া উল্টা ঠুঁটি, পাতি সবুজ পা, কালোলেজ জৌরালী, শামুকখোলসহ কয়েক শ পাখি দেখে গঙ্গাপুর থেকে ঘুরে ভেদুরিয়ার এক তীরে বিকেলে নেমে পড়লাম আমি। শুমারি দল এগিয়ে চলল সামনে।
ফিরে আসার আগে কথা হয় পাখিবিশেষজ্ঞ তারেক অণুর সঙ্গে। তিনি বলেন, ভোলার চারপাশে জেগে ওঠা চরগুলো সৈকত পরিযায়ী পাখির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এসব পাখি আসে হিমালয় ও আশপাশ থেকে। অনেক আসে সাইবেরিয়া থেকে। কয়েক হাজার কিলোমিটার দূর থেকে বাংলাদেশে আসে মাত্র কয়েক মাসের জন্য। কিছু পাখি, বিশেষ করে চামচ ঠুঁটো বাটান, যা মহাসংকটাপন্ন পাখি। এই পাখি নিয়মিত ভোলার উপকূলে আসে। একধরনের জৌরালী, একসময় কয়েক হাজার দেখতে পেয়েছি, যা অন্যত্র তেমন একটা দেখা যায় না। এখন ভোলার উপকূলেও কমতে শুরু করেছে।
তারেক অণু আরও বলেন, ভোলায় নদীর মধ্যে জেগে ওঠা কয়েকটি কাদারচর আছে। স্থানীয় লোকজন বলে ল্যাচকিচর। যেখানে মানুষের বসত গড়ে ওঠেনি। সভ্যতার অত্যাচার কম। সেখানে পাখিগুলো আশ্রয় নেয়, খাবার খায়। তারপরে আবার প্রজননভূমিতে ফেরত যায়। এসব পাখি টিকে আছে, এসব কাদারচর টিকে আছে বলেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের গুরুত্ব অপরিসীম, যা টাকার হিসাবে সামান্যই। কিন্তু বছরের বাজেটেরে চেয়ে, এই চরগুলোর উপকার পরিবেশের জন্য অনেক বেশি।
পাখিবিশেষজ্ঞ তারেক অণু বলেন, একটি চর জেগে উঠলে, তাৎক্ষণিক জনমানুষের দখলে চলে যায়। গরু-মহিষের বিচরণ ভূমিতে পরিণত হয়, চাষাবাদ হয়। তখন এটা পাখির উপযোগী থাকে না। প্রাকৃতিকভাবে যদি বনায়ন গড়ে ওঠে, সেটি পাখির জন্য বেশি উপযোগী। এ রকম কয়েকটি কাদারচর পরিযায়ী পাখির জন্য সংরক্ষণ করা উচিত।