ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে জেলে থাকা শিক্ষকের বাড়িতে হামলা

হামলার সময় ভাংচুর করা বাড়ির জানালার কাচ
ছবি: প্রথম আলো

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে কারাগারে থাকা মো. আবু সালেহ নামের এক প্রধান শিক্ষকের বাড়িতে হামলা হয়েছে। এ সময় ওই বাড়ির সদস্যরা পাশের এক বাড়িতে আশ্রয় নেন। আজ শুক্রবার বেলা তিনটার দিকে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আবু সালেহ কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কয়া চাইল্ড হেভেন নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বোরকা ও হিজাব পরতে নিষেধ করে আসছিলেন। গত সোমবার এক নারী অভিভাবক ওই প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে কথা বলতে যান। এ সময় প্রধান শিক্ষক মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি ও বিতর্কিত মন্তব্য করেন। এ ঘটনার জেরে তাঁর বাড়িতে হামলা হয়েছে।

তবে আবু সালেহর ছেলে আবু আদিত্য এ অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর বাবা ছাত্রীদের স্কুল পোশাকের রঙের বোরকা পরে আসার কথা বলেছিলেন। বোরকা পরতে নিষেধ করেননি। তাঁর বাবার স্কুলটি গত ১২ জানুয়ারি এমপিওভুক্ত হয়। সেখানে বেশ কয়েকজন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ হবে। এটা নিয়ে এলাকার একটি গোষ্ঠী বাবার ওপর ক্ষুব্ধ। এ জন্য তাঁর বিরুদ্ধে কৌশলে মিথ্যা অভিযোগ এনে এলাকায় বিভ্রান্ত ছড়ানো হয়েছে।

আবু আদিত্য আরও বলেন, বিকেলে খবর পান যে শত শত মানুষ মিছিল নিয়ে তাঁদের বাড়ির উদ্দেশে হামলা চালাতে আসছে। দ্রুত তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। এরপর ১৫ মিনিট একটানা ইটপাটকেল ছোড়া হয় বাড়িতে। হামলার সময় তাঁদের পাকা ভবনের পাঁচটি কাচের জানালা ভাঙচুর করা হয়েছে। ঘরের ভেতর প্রচুর ইট ও খোয়া পড়ে আছে।

সন্ধ্যায় কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম প্রথম আলোকে বলেন, হামলার ঘটনায় থানায় অভিযোগ নেওয়া হবে। এলাকায় নিরাপত্তা বাড়ানো হচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে বিভিন্ন এলাকার মানুষ কয়া বাইতুল মামুন জামে মসজিদ প্রাঙ্গণে মিলিত হন। সেখানে তাঁরা প্রধান শিক্ষক আবু সালেহর বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন। পরে বেলা একটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর ওই দিন রাত ১২টার পর এনামুল হক নামের এক ব্যক্তি ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে আবু সালেহর বিরুদ্ধে কুমারখালী থানায় মামলা করেন। এ মামলায় বুধবার আবু সালেহকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ বিষয়ে কথা বলতে মামলার বাদী মো. এনামুল হকের মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।

এদিকে আজ সকাল থেকে প্রধান শিক্ষক আবু সালেহর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় মুসল্লিরা। জুমার নামাজের পর বেলা দুইটার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঘোড়াই দারুল উলুম হাফেজিয়া ও এতিমখানা প্রাঙ্গণে সমাবেশ করে। এ সময় সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, পুলিশের অনুমতি না নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা–কর্মীরা। তবে সেখানে অনেক পুলিশ ছিল। সমাবেশের পর একটি গোষ্ঠী আসামির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।