কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বানৌজা পেকুয়া সড়কের সদর ইউনিয়নের আনার আলী মাতব্বরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মোহাম্মদ তাহসিন (২)। সে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পালাকাটা এলাকার আবদুল হকের ছেলে। সে তাঁর মা আনার কলির (৩৫) সঙ্গে কুতুবদিয়া যাচ্ছিল। অটোরিকশায় সে মায়ের কোলে ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিশুটির মা আনার কলি মৃত চাচাকে শেষবারের মতো দেখতে ঈদগাঁও থেকে কুতুবদিয়া উপজেলার খৈয়ারবিল যাচ্ছিলেন। সেখান থেকে কুতুবদিয়া যেতে হলে পেকুয়ার মগনামা জেটি হয়ে যেতে হয়। সেখানে যেতে শিশুটির মা ও দুই স্বজন মিলে প্রথমে ঈদগাঁও থেকে চকরিয়া আসেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নিয়ে মগনামা ঘাটের দিকে রওনা হন। পথে দ্রুতগতির বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। পরে অটোরিকশায় থাকা শিশুসহ তিনজন গুরুতর আহত হয়। এরপর আহত ব্যক্তিদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু তাহসিনকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইমরুল হাসান বলেন, ‘বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। অন্য দুই আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে।’