কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের চাপায় অটোরিকশার দুজন যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার বেলতলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর আগে আজ ভোরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরাবাদ বাজারে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে গিয়ে ধাক্কা দেয়। এতে এক নৈশপ্রহরী মারা গেছেন।

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন—জয়নাল আবেদীন (৩৫), দুর্লভপুর এলাকার বাসিন্দা ইমরান হোসেন (৩০) ও উপজেলার গাংগাটিয়া গ্রামের তোরাব আলী (৬০)।

কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী ইকোনো পরিবহনের একটি বাস আজ সকালে সদর দক্ষিণ উপজেলার বেলতলি এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলে জয়নাল আবেদীন ও ইমরান হোসেন মারা যান। এ ঘটনায় আরও দুজন আহত হন। তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষেধ। নিষেধাজ্ঞা অমান্য করে উল্টো পথে অটোরিকশাটি চলছিল। এ কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে আজ ভোরে মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ বাজারে পৌঁছালে একটি অ্যাম্বুলেন্সের চালক নিয়ন্ত্রণ হারান। এতে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশের একটি দোকানে ধাক্কা দেয়। এতে দোকানের সামনে বসে থাকা নৈশপ্রহরী তোরাব আলী ঘটনাস্থলে মারা যান। এই ঘটনায় কামাল হোসেন (৩০) নামের এক ব্যক্তি আহত হন। আহত ব্যক্তিকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছেন। তোরাব ও কামাল—দুজনই রাতে বাজারের প্রহরীর দায়িত্ব পালন করেন। এ দুর্ঘটনায় তোরাব মারা গেছেন, অন্যজন চিকিত্সাধীন।