
রক্তশূন্যতা রোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার মারা যায় এসএসসির পরীক্ষার্থী আবদুল্লাহ আল মামুন। আজ শুক্রবার সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলার ডাংগিরহাট বামন দিঘি গ্রামে তাকে দাফন করা হচ্ছিল। কিছুক্ষণ পর মামুনের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। জানা গেল, সে জিপিএ-৫ পেয়েছে।
মেধাবী মামুনের বাড়ি তারাগঞ্জের ডাংগিরহাট বামন দিঘি এলাকায়। সে ওই এলাকার মোস্তফা জামান-আরজিনা বেগম দম্পতির বড় ছেলে। রংপুর জিলা স্কুল থেকে সে এসএসসি পরীক্ষা দিয়েছিল। মামুনের ছোট ভাই আবদুল্লাহ আল মুনতাসীর জিলা স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। রংপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক আল ইমরান তাঁর ফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে আবদুল্লাহ আল মামুনের মৃত্যুর খবরে পুরো জিলা স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরীক্ষার ফলাফলের দিনেও আনন্দ নেই স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে। কারণ, যখন ফলাফল প্রকাশিত হয়, তখন মামুনকে দাফন করা হয়।
মামুনের বন্ধু ইয়াসির আরাফাত জানায়, ‘সে খুব প্রিয় বন্ধু ছিল। আমরা তাকে হারিয়ে সত্যি খুব কষ্ট পেয়েছি।’ জিলা স্কুলের শিক্ষক আল ইমরান বলেন, ‘ছেলেটি খুবই মেধাবী ছিল। খুবই মিশুক ছিল। বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল তার। ভালো ফল করেছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। ফল জানতে পারল না।’
জিলা স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক সাহিনা সুলতানা বলেন, ‘আমরা শোকাহত। আমরা একজন মেধাবী শিক্ষার্থীকে হারালাম। আমরা শিক্ষক হিসেবে অভিভাবক হিসেবে খুবই শোকাহত। মামুন তৃতীয় শ্রেণি থেকে আমাদের স্কুলে পড়ে। ছেলেটা চোখের সামনেই বেড়ে উঠল, মাধ্যমিকের গণ্ডি পেরোনোর দিনে আজ আর আমাদের মাঝে নেই।’
মামুনের বাবা স্কুলশিক্ষক মোস্তফা জামান বলেন, ‘বাবাটা রেজাল্ট দেখে যেতে পারল না। তার আগেই আমাদের শোকের সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেল। আমার বাবাটা খুবই মেধাবী ছিল। ও গত মাসের ২৫ তারিখে অসুস্থ হলে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। অনেক পরীক্ষা-নিরীক্ষা শেষে রোগ ধরা পড়ে। তার শরীরে হিমোগ্লোবিন কম, রক্ত তৈরি হয় না। তা ছাড়া আর কোনো রোগ ছিল না। উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার আগেই চলে গেল সে।’ একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন মোস্তফা জামান।