সংঘর্ষ
সংঘর্ষ

মিঠামইনে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। উপজেলার হেমন্তগঞ্জ গ্রামের বাসিন্দা কেওয়ারজোড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম পক্ষ ও একই গ্রামের মো. নজির পক্ষের মধ্যে আজ সোমবার সকালে ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষ হয়।

নজির পক্ষের আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আসাদ মিয়া (৩৫) ও কাতল মিয়াকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া উভয় পক্ষের গুরুতর আহত পাঁচজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত অন্যদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের আগে থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ সকালে হেমন্তগঞ্জের লাউকুড়ার মাঠে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে কথা বলতে কাশেম ও নজিরের মুঠোফোনে চেষ্টা করলেও তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়। এ কারণে এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। কাটখাল পুলিশ ফাঁড়ি ও মিঠামইন থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি।