স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা, প্রাণ গেল কলেজছাত্রের

মাজহারুল ইসলাম
ছবি: সংগৃহীত

এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় একদল বখাটের হামলায় গুরুতর আহত হয়েছিলেন কলেজছাত্র মাজহারুল ইসলাম (২২)। গত শুক্রবার বিকেলে কালিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তিনি মারা যান।

মাজহারুল টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়ান গ্রামের আবদুল মালেকের ছেলে। তিনি টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত কলেজের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার কালিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুঠবল খেলার সময় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে একদল যুবক। এ সময় মাজহারুল উত্ত্যক্তের প্রতিবাদ করলে তাঁর ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় গতকাল সোমবার রাতে মাজহারুলের বাবা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন। তবে মাজহারুলের মৃত্যু হওয়ায় মামলাটি হত্যা মামলা হিসেবে রেকর্ড করার জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কালিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই গ্রামের বিবাহিত ও অবিবাহিত পুরুষদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় কয়েকজন কিশোরী ও তরুণী মাঠে খেলা দেখতে আসেন। খেলা চলাকালে ওই এলাকার ইয়ারুল নামের এক যুবক মাঠে আসা এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করেন। এ সময় মাজহারুল প্রতিবাদ করলে ইয়ারুলের সঙ্গে তাঁর ধাক্কাধাক্কি হয়। এ ঘটনার জেরে ওই দিন সন্ধ্যায় ইয়ারুলের নেতৃত্বে একদল যুবক মাজহারুলের ওপর হামলা করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

হামলার পর মাজহারুলকে গুরুতর আহত অবস্থায় প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মাজহারুলের মৃত্যু হয়।

এদিকে গতকাল রাতে মাজহারুলের বাবা আবদুল মালেক বাদী হয়ে উপজেলার কালিয়ান গ্রামের ফরিদ হোসেনের ছেলে ইয়ারুলকে (২০) প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে মামলা করেন। তবে গতকাল রাতে মাজহারুলের মৃত্যু হলে মামলাটি হত্যা মামলা হিসেবে রেকর্ড করার জন্য আদালতে আবেদন করা হয়েছে।

সখীপুর থানার উপপরিদর্শক মজিবর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।