
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে গিয়ে নিখোঁজের চার ঘণ্টা পর এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাত ৯টার দিকে কুলিয়ারচর পৌর শহরের বরখারচর পশ্চিম পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। রিনা বেগম (৪০) নামের ওই নারী একই এলাকার ছাত্তার মিয়ার স্ত্রী।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গরুর জন্য ঘাস কাটার কথা বলে রিনা বেগম গতকাল বিকেল পাঁচটার দিকে বাড়ি থেকে বের হন। তখন সঙ্গে তাঁর ছোট মেয়েও ছিল। কিছুক্ষণ পর মেয়েটি মাকে রেখেই বাড়িতে ফিরে আসে। সন্ধ্যা হয়ে গেলেও রিনা বেগম বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে বের হন। রাত ৯টার দিকে দেখা যায়, একই এলাকার বিলপাড়ে রিনার মরদেহ পড়ে আছে। মরদেহের কিছু অংশ পানির মধ্যে ছিল।
রিনা বেগমের স্বামী ছাত্তার মিয়া বলেন, ‘আমার স্ত্রী মৃগী রোগী। মরদেহ পানির কাছে পাওয়া গেছে। আমাদের ধারণা, তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন।’
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।