কুষ্টিয়ায় চুলার আগুনে পুড়ল শিকলে বাঁধা শিশুর শরীর

চার বছরের শিশুকে ঘরের বারান্দার খুঁটিতে লোহার শিকল দিয়ে বেঁধে রেখে মাঠে ঘাস কাটতে যান মা। আর দিনমজুর বাবা গিয়েছিলেন কাজে। এরই মধ্যে রান্নাঘরে লাগে আগুন। সেই আগুনে রান্নাঘরের পাশাপাশি গোয়ালঘরও পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আগুনের তাপ লাগে শিকলে বাঁধা শিশু জিহাদ হোসেনের (৪) শরীরেও। শিশুটির দেহের কিছু অংশ আগুনে পুড়ে গেছে।

আজ শনিবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে একটি ষাঁড় পুড়ে মারা গেছে।

ওই বাড়ির বাসিন্দা দিনমজুর রুবেল হোসেনের স্ত্রী বৃষ্টি খাতুন বলেন, ছেলে খুব দুষ্টুমি করে। তাই তিনি বাড়ির বাইরে গেলে শিকলে বেঁধে রেখে যান। আজও বেঁধে রেখে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। আর চুলার আগুন থেকে তাঁর বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। এতে তাঁর সন্তানের শরীরের কিছু অংশ পুড়ে গেছে।

যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে ওই পরিবারের ব্যাপক ক্ষতি হয়েছে। আহত শিশুকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, লিখিত আবেদন করলে সরকারি বরাদ্দ থেকে সহযোগিতা করা হবে।