নরসিংদী সদর উপজেলার মাধবদীতে গতকাল শুক্রবার রাতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
নরসিংদী সদর উপজেলার মাধবদীতে গতকাল শুক্রবার রাতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

নরসিংদীতে ডাকাতিতে বাধা দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে শাহজাহান ভূঁইয়া নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর ভাই সুরুজ ভূঁইয়া গুরুতর আহত হন।

নিহত শাহজাহান ভূঁইয়া ওই এলাকার বাসিন্দা। আহত সুরুজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন প্রথম আলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল শাহজাহান ভূঁইয়ার বাড়িতে যায়। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে শাহজাহান ও সুরুজ এগিয়ে যান। ডাকাতেরা বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে। বাধা দিতে গেলে শাহজাহান ও সুরুজকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এতে ঘটনাস্থলেই শাহজাহানের মৃত্যু হয়। গুরুতর আহত হন সুরুজ।

১০ জুলাই মাধবদীর কাঁঠালিয়া এলাকায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল। ওইসব ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

স্থানীয় লোকজনের ভাষ্য, রাত পৌনে ২টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত ডাকাতেরা ওই বাড়িতে ডাকাতি করে। তারা স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোন লুট করে চলে যায়। আশপাশের লোকজন তখন এসে আহত সুরুজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাত দলটিকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

১০ জুলাই মাধবদীর কাঁঠালিয়া এলাকায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল। ওইসব ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।