আট কোটি টাকার দরপত্র জমা দিতে গেলে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগ

যশোর জেলার মানচিত্র
যশোর জেলার মানচিত্র

যশোর জেনারেল হাসপাতালে ওষুধ ও অন্যান্য সরঞ্জাম (এমএসআর) সরবরাহের জন্য ডাকা ৮ কোটি ৯ লাখ টাকার কাজের দরপত্র জমা দিতে গেলে ঠিকাদারের প্রতিনিধির কাছ থেকে তা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও যুবলীগ নেতা–কর্মীদের বিরুদ্ধে।

আজ সোমবার সকালে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ের সামনে রাখা বাক্সে দরপত্র জমা দেওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট ঠিকাদার।

এ কারণে দরপত্র স্থগিত চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ওই ঠিকাদারের পক্ষ থেকে লিখিত আবেদন করা হয়েছে। তবে আবার দরপত্র আহ্বানের দাবি নাকচ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

দরপত্র ছিনতাইয়ের সঙ্গে ছাত্রলীগের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন সংগঠনের জেলা সভাপতি সালাউদ্দীন। তিনি কবির প্রথম আলোকে বলেন, ‘আমি নিজে ঢাকায় আছি। ছাত্রলীগের বর্তমান নেতৃত্বের কেউ টেন্ডারবাজির সঙ্গে জড়িত নেই। যুবলীগের কেউ ছিল কি না আমার জানা নেই।’

অভিযোগের বিষয়ে কথা বলতে জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি ধরেননি।

হাসপাতাল তত্ত্বাবধায়কের কার্যালয় ও ঠিকাদারের সঙ্গে কথা বলে জানা গেছে, যশোর জেনারেল হাসপাতালে ২০২২-২৩ অর্থবছরে ওষুধ ও অন্যান্য সরঞ্জাম (এমএসআর) সরবরাহের জন্য ৮ কোটি ৯ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। আজ সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়। এ জন্য যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে দুটি বাক্স রাখা হয়।

আজ মাগুরার মেসার্স মামুন ড্রাগস ও মেসার্স অপরাজিতা ড্রাগস নামের দুটি প্রতিষ্ঠানের পক্ষে দুজন প্রতিনিধি যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে আসেন। সকাল সাড়ে নয়টার দিকে তাঁরা বাক্সে দরপত্র ফেলতে যান। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের ১৫–২০ জন নেতা–কর্মী তাঁদের কাছ থেকে জোর করে দরপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন।

সেখানে পুলিশ ও র‍্যাবের সদস্যরা উপস্থিত থাকলেও কেউ এগিয়ে আসেননি অভিযোগ করে মেসার্স মামুন ড্রাগস ও মেসার্স অপরাজিতা ড্রাগসের স্বত্বাধিকারী আজিজুল হক প্রথম আলোকে বলেন, ‘আমার প্রতিষ্ঠানের দুজন ব্যবস্থাপক বাক্সে দরপত্র ফেলতে গেলে ছাত্রলীগ ও যুবলীগের ১৫ থেকে ২০ জন তাঁদের জোর করে পাশে নিয়ে ৬ গ্রুপের কাজের ১২টি দরপত্র ছিনিয়ে নেন। ওই দরপত্রের সঙ্গে থাকা ১৮ লাখ ৩৫ হাজার টাকার ব্যাংক পে–অর্ডার ফেরত দিলেও ৬ কোটি টাকার ম্যান্ডেড ফেরত দেননি তাঁরা। হাসপাতালের সিসিটিভি ফুটেজে এই দৃশ্যের রেকর্ড রয়েছে।’

দরপত্র জমা দেওয়ার বাক্স হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ের ভেতরে না রেখে বাইরে রেখে ‘সন্ত্রাসীদের’ সুযোগ করে দেওয়া হয়েছে অভিযোগ করে ঠিকাদার আজিজুল হক বলেন, ঘটনার বর্ণনা দিয়ে দরপত্র স্থগিত চেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আখতারুজ্জামানের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। তিনি বেলা একটার পর আবেদনপত্রটি গ্রহণ করেছেন। কিন্তু কোনো ব্যবস্থা নেননি।

অভিযোগের বিষয়ে জানতে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জেলা পুলিশের মুখপাত্র রুপম কুমার সরকারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁরা ধরেননি। যশোর র‍্যাব–৬–এর উপপরিচালক লে. কর্নেল নাজিউর রহমান বলেন, ‘কোথাও কমিউনিকেশন গ্যাপ (যোগাযোগের ঘাটতি) হচ্ছে। এ বিষয়ে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। হাসপাতালের বাইরে পোশাকধারী র‍্যাব সদস্যরা ছিলেন। ভেতরে ছিলেন সাদাপোশাকের র‍্যাব সদস্যরা।’

জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘দরপত্র জমা দেওয়ার বাক্স কক্ষের ভেতরে রাখার নিয়ম নেই। বারান্দাতেই রাখা হয়। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন। অবশ্য একজনের কাছ থেকে দরপত্র কেড়ে নেওয়ার দৃশ্য হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে।’

নিয়মানুযায়ী দরপত্র বাতিল করে আবার আহ্বান করার সুযোগ নেই দাবি করে আখতারুজ্জামান বলেন, পুলিশ সুপারের কার্যালয়েও তো দরপত্র জমা দেওয়ার বাক্স রাখা ছিল। সেখানেও জমা দেওয়ার সুযোগ তো ছিল।