চুয়েট শিক্ষার্থী অর্ণব সাহা
চুয়েট শিক্ষার্থী অর্ণব সাহা

হলের পুকুর থেকে চুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুর থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম অর্ণব সাহা। তিনি চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অর্ণবের মরদেহ উদ্ধার করেন শিক্ষার্থীরা। তাঁরা জানান, অর্ণব ও তাঁর কয়েকজন বন্ধু সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুকুরে গোসল করতে নামেন। সে সময় হঠাৎ করে তাঁরা খেয়াল করেন অর্ণবের খোঁজ পাওয়া যাচ্ছে না। পরবর্তী সময়ে তাঁর নাম ধরে ডেকে টর্চ দিয়ে পুকুরে খোঁজ করতে থাকেন।

শিক্ষার্থীরা জানান, এ সময় তাঁদের কোলাহল শুনে আশপাশের হল থেকে অন্য শিক্ষার্থীরা ছুটে আসেন। একপর্যায়ে পুকুরঘাটের পাশে পানির নিচে এক শিক্ষার্থী অর্ণবের মরদেহ খুঁজে পান।

ঘটনাস্থলে উপস্থিত থাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর শাহরিয়ার বলেন, ‘আমরা শহীদ মোহাম্মদ শাহ হলের নিজের কক্ষে অবস্থান করছিলাম। সবার চিৎকার শুনে সেখানে যাই। সেখানে যাওয়ার কিছুক্ষণ পর খোঁজাখুঁজি শেষে তাঁর দেহ হলের পুকুর থেকে তুলতে দেখি।’

চুয়েটের স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক রাজেশ দেব বলেন, ‘তাকে স্বাস্থ্যকেন্দ্রের সামনে নিয়ে এলে আমরা সমস্ত যন্ত্রপাতি নিয়ে প্রস্তুত ছিলাম। সিপিআর (জরুরি জীবন রক্ষাকারী চিকিৎসাপদ্ধতি) দেওয়া হয়েছে। কিন্তু বেঁচে থাকার কোনো লক্ষণ খুঁজে পাইনি। বেশ কিছুক্ষণ পানির নিচে ছিল। তাই আগেই মারা গেছে।’

পরবর্তী সময়ে স্বাস্থ্যকেন্দ্রের পর অর্ণবকে এভারকেয়ার হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মেয়াজ্জেম হোসাইন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, তাঁকে এভারকেয়ারে নিয়ে আসা হয়েছিল। এখন বেঁচে নেই।