মেহেরপুরে আনন্দ–উৎসবে দিন কাটলো কৃতী শিক্ষার্থীদের

সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে ৫৫৮ কৃতী শিক্ষার্থী নিবন্ধন করেছিল। আজ শুক্রবার সকালে পৌর শহরের শহীদ সামসুজ্জোহা পার্কে
ছবি: প্রথম আলো

মেহেরপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে প্রথম আলো ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’। আজ শুক্রবার সকাল ৮টায় পৌর শহরের শহীদ সামসুজ্জোহা পার্কে এ উৎসব শুরু হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে ৫৫৮ কৃতী শিক্ষার্থী নিবন্ধন করেছিল।

সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় চলছে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উৎসব। সংবর্ধনা অনুষ্ঠানের এ আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

গেল কিছুদিন ধরে মেহেরপুরে শীতের আমেজ কমে গেছে। ফাল্গুনের নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করছে সব জায়গায়। এর মধ্যে আজ সকাল আটটায় শহীদ সামসুজ্জোহা পার্কে আসতে শুরু করে শিক্ষার্থীরা। অনুষ্ঠানস্থলে ঢোকার পরই শিক্ষার্থীরা নিবন্ধন নম্বর অনুযায়ী নির্দিষ্ট বুথের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সনদ, ক্রেস্ট ও স্ন্যাকস বক্স সংগ্রহ করে।

সকাল আটটার দিকে একসঙ্গে অনুষ্ঠানস্থলে হাজির হয় সরকারি বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মাইশা মালিহা, আনিকা, সামিয়া জামান, ঐশি খানম, রৃদিমা জান্নাতসহ ১১ শিক্ষার্থী। জিপিএ-৫ পাওয়া এই শিক্ষার্থীরা জানায়, প্রথম আলো থেকে সংবর্ধনা ও সনদ পাওয়া অনেক গর্বের ব্যাপার। শিক্ষার প্রতিটি ক্ষেত্রে তরুণদের এভাবে অনুপ্রেরণা দেওয়া হলে সমাজ একদিন বদলে যাবে।
এদিকে দিনের শুরুতে অনুষ্ঠানের আসা কৃতী শিক্ষার্থীদের নৃত্যের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। নৃত্য পরিচালনা করেন মেহেরপুর বন্ধুসভার উপদেষ্টা ও নৃত্য পরিচালক সোহাগ। পরে মূল মঞ্চে ফাল্গুনের আগমনী নৃত্য পরিবেশন করেন মেহেরপুর বন্ধুসভার ১৪ বন্ধু।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের ফাঁকে ফাঁকে ছিল বন্ধুসভার সদস্যদের গান ও নৃত্য পরিবেশনা

সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বন্ধুসভার সদস্য মোহাইমিনুর আবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি আবু সাঈদ। উপস্থিত ছিলেন প্রথম আলোর কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, চুয়াডাঙ্গার প্রতিনিধি শাহ আলম সনি প্রমুখ। শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য দিতে মঞ্চে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ সফিউল ইসলাম সরদার, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ প্রমুখ।

সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য হচ্ছে তাঁদের উজ্জীবিত করা। শিক্ষার্থীরা অনুপ্রেরণা পেয়ে নিজেদের আরও মেধাবী হিসেবে গড়ে তুলবে, সমাজের অন্ধকারে আলো ছড়িয়ে দেবে এবং সব ভেদাভেদ ভুলে সত্যিকারের মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে।

সরকারি কলেজের অধ্যক্ষ সফিউল ইসলাম সরদার বলেন, কৃতীদের সংবর্ধনা আয়োজনের পৃষ্ঠপোষক শিখো ও প্রথম আলোর জন্য শুভকামনা। যারা জিপিএ-৫ পেয়েছে, তাদের ভবিষ্যতেও প্রতিটি ক্ষেত্রে কৃতিত্বের সঙ্গে এগিয়ে যেতে হবে। এ জন্য সৎ-ন্যায়পরায়ণ হতে হবে। মাদকের বিষয়ে সোচ্চার হতে হবে। তবে শুধু মেধাবী শিক্ষার্থী হলেই হবে না, অবশ্যই তাকে ভালো মানুষ হতে হবে।

প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ বলেন, কৃতী শিক্ষার্থীরা সমাজ ও পরিবারের মুখ উজ্জ্বল করেছে। আজকের অনুষ্ঠানে সব আয়োজনই করা হয়েছে তাদের সম্মান জানানোর জন্য। আগামী দিনে কৃতী শিক্ষার্থীরা উন্নত মানুষ হয়ে দেশ গড়ার জন্য অঙ্গীকার নেবে, সমাজের প্রতিটি ক্ষেত্রে কৃতিত্ব রাখবে, এটাই প্রত্যাশা।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের ফাঁকে ফাঁকে ছিল বন্ধুসভার সদস্যদের গান ও নৃত্য পরিবেশনা। দিনব্যাপী এ সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য ক্রেস্ট, সনদের পাশাপাশি রয়েছে প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন এবং শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্সসহ অন্যান্য উপহার।