বিশ্বনাথে টোল আদায় নিয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা

গত রোববার রাতে দেশীয় অস্ত্রসহ বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের মির্জারগাঁও এবং পাঁচগাঁওয়ের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন
ফাইল ছবি

সিলেটের বিশ্বনাথ উপজেলায় টোল প্লাজায় টোল আদায় নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। গতকাল সোমবার সকালে বিশ্বনাথ থানার উপপরিদর্শক বিনয় ভূষণ সরকার বাদী হয়ে মামলাটি করেন।

পুলিশ জানিয়েছে, মামলায় ৬১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিরা সবাই উপজেলার মির্জারগাঁও ও পাঁচগাঁওয়ের বাসিন্দা।

এর আগে গত রোববার রাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি সেতুর টোল আদায়কে কেন্দ্র করে মির্জারগাঁও ও পাঁচগাঁওয়ের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আতাউর রহমানসহ সাতজন পুলিশ সদস্য আহত হন। সংঘর্ষের সময় উভয় গ্রামের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, সংঘর্ষের পর রোববার রাতেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করে। আটক ব্যক্তিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।