নড়াইলে নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নানার মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় নাতিকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার সময় ট্রেনের নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার পূর্ব চর-কালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আকরাম মোল্যা (৬০)। তিনি উপজেলার চর-বকজুড়ি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চর-বকজুড়ির নিজ বাড়ি থেকে নাতি মাহিম মোল্যাকে নিয়ে বের হন আকরাম মোল্যা। বাড়ি দেড় কিলোমিটার দূরে চর জঙ্গল মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাতিকে দিয়ে আবার বাড়ি ফিরছিলেন আকরাম। চর-কালনা এলাকায় রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় একজন জানান, আকরামের নাতি যে স্কুলটিতে পড়ত, সেটি রেললাইনের দক্ষিণ পাশে অবস্থিত। স্কুল থেকে রেললাইনের উত্তর পাশে যাওয়ার আন্ডারপাস খানিকটা দূরে। এ কারণে দ্রুত রেললাইনের এক পাশে থেকে অন্য পাশে যাওয়ার জন্য রেললাইনের ওপর উঠেছিলেন আকরাম। এ সময় ট্রেনে কাটা পড়েন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় লোহাগড়া থানা-পুলিশ।

সেখানে উপপরিদর্শক আজিজুল তালুকদার বলেন, ‘দ্বিখণ্ডিত মরদেহটি আমরা উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে রেখেছি। যেহেতু ঘটনাটি রেলওয়ের জায়গায়, আমরা রেল-পুলিশকে জানিয়েছি। তারা এসে আইনগত ব্যবস্থা নেবে।’