
নওগাঁর মান্দায় নাশকতার অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মান্দা থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা হিসেবে ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলাটি করেন।
আজ শনিবার বিকেলে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, মাদকদ্রব্য উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনার জন্য থানা-পুলিশের একটি দল শুক্রবার সন্ধ্যার পর ফেরিঘাট এলাকায় অবস্থান করছিল। এ সময় পুলিশ জানতে পারে, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে সমবেত হয়ে নাশকতার পরিকল্পনা করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ওই মাঠে তল্লাশি চালিয়ে রামদা, বাঁশের লাঠিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার পর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার এজাহারভুক্ত ব্যক্তিরা হলেন মান্দা থানা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবদুল জলিল, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল ইসলাম, সদস্যসচিব এমদাদুল হক, মান্দা থানা বিএনপির সদস্য আবদুস সামাদ, কুশুম্বা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বদরুজ্জামান, গণেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বকুল চৌধুরী, গণেশপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিঠু, নুরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য রাজু আহমেদ ও মামুনুর রশিদ।
এটি সম্পূর্ণ একটি মিথ্যা মামলা। গতকাল সন্ধ্যায় কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির কোনো কর্মসূচি ছিল না। আবার সেখানে নাকি রামদা, ছুরি, লাঠিসোঁটা এসব পাইছে। এগুলো সম্পূর্ণ সাজানো ঘটনা।শফিকুল ইসলাম চৌধুরী, আহ্বায়ক, মান্দা উপজেলা বিএনপি
এ ব্যাপারে জানতে চাইলে মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এটি সম্পূর্ণ একটি মিথ্যা মামলা। গতকাল সন্ধ্যায় কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির কোনো কর্মসূচি ছিল না। আবার সেখানে নাকি রামদা, ছুরি, লাঠিসোঁটা এসব পাইছে। এগুলো সম্পূর্ণ সাজানো ঘটনা। আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে জনসমাগম ঠেকাতে এবং বিএনপি নেতা-কর্মীদের হয়রানি করতে এই গায়েবি মামলা দিয়েছে।’
এর আগে গত পাঁচ-ছয় দিনে নওগাঁর রানীনগর, আত্রাই, নওগাঁ সদর, মহাদেবপুর, পত্নীতলা, বদলগাছী, ধামইরহাট, নিয়ামতপুর ও সাপাহার উপজেলায় ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, হামলা, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে বিএনপির শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মামলা করেন। এসব মামলায় গ্রেপ্তার করতে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে।
গত মঙ্গলবার জেলা বিএনপির নেতারা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির গণসমাবেশে জনসমাগম ঠেকাতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছেন। এসব মামলা না নেওয়ার জন্য এবং দায়ের করা মামলা থেকে প্রতিকার চেয়ে জেলা বিএনপির নেতারা ওই দিন নওগাঁ জেলা প্রশাসক ও পুলিশের কাছে স্মারকলিপিও দেন।