কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ট্রেন দুর্ঘটনায় নিহত আরেক ব্যক্তির নাম-পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম যোবায়ের হোসেন (২৫)। তিনি কুলিয়ারচর উপজেলার পৈলনপুর গ্রামের বাসিন্দা আক্তার মিয়ার ছেলে। এতে ট্রেন দুর্ঘটনায় সরকারি হিসাবে মৃতের সংখ্যা বেড়ে ১৮ থেকে ১৯ হলো। আজ শুক্রবার সকালে ভৈরব উপজেলা প্রশাসন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় যোবায়ের হোসেন গুরুতর আহত হন। তখন সঙ্গে থাকা অন্যরা তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার এক দিন পর যোবায়েরের মৃত্যু হয়। তবে এ তথ্য প্রশাসনকে জানানো হয়নি। অনেকটা গোপনে কবর দেওয়া হয়। পরে প্রশাসনের কাছে মৃত্যুর তথ্যটি আসে।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, গতকাল পর্যন্ত এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৮ ছিল। যোবায়ের হোসেনের মৃত্যুর তথ্যটি এ তালিকায় ছিল না। এখন সব মিলিয়ে মৃতের সংখ্যা ১৯।
মৃতের সংখ্যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সৃষ্ট বিভ্রান্তির বিষয়ে ইউএনও বলেন, এখন পর্যন্ত কেউ নিখোঁজ আছেন কিংবা কারও মরদেহ পাওয়া যাচ্ছে না—এমন কোনো অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের কোনো অভিযোগ নেই।
গত সোমবার বেলা সাড়ে তিনটার দিকে ভৈরব রেলস্টেশন থেকে ঢাকায় উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রেনের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মালবাহী ট্রেনের চালক জাহাঙ্গীর আলম, সহকারী চালক আতিকুর রহমান ও পরিচালক (গার্ড) মো. আলমগীরকে সাময়িক বরখাস্ত করা হয়। নিহত এক ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এই তিনজনকে আসামি করে রেলওয়ে থানায় মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্ত করা হয়েছে ট্রেন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও। মামলার পর রেলওয়ে পুলিশ তদন্তকাজ শুরু করেছে বলে জানিয়েছে।