শরীয়তপুরে ঝড়ে গাছচাপায় নারীর মৃত্যু

মৃত্যু
প্রতীকী ছবি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সময় শরীয়তপুরে গাছের নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। সাফিয়া বেগম (৬৫) নামের ওই নারী জাজিরা উপজেলার সিডারচর এলাকার হালান মুসল্লির স্ত্রী। গতকাল সোমবার রাত ১০টার দিকে তিনি মারা যান।

ওই ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ৯৩০টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যালয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যার পর ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব শুরু হয় শরীয়তপুরের বিভিন্ন স্থানে। রাত ১০টা পর্যন্ত ঝোড়ো বাতাসে বিভিন্ন গ্রামের কাঁচা, আধা পাকা ঘর বিধ্বস্ত হতে থাকে। গাছ পড়ে বিদ্যুৎ ও ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। জেলার বিভিন্ন গ্রামে ৯৩০টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে ৪০০টি সম্পূর্ণ ও ৫৩০টি আংশিক বিধ্বস্ত হয়েছে। এ ঝড়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭২ হাজার ৫০০ মানুষ।

পদ্মা নদীর দুর্গম চর কুন্ডেরচর ইউনিয়নের সিডারচর। ওই চরের বাসিন্দা হালান মুসল্লির বসতঘরের ওপর গতকাল রাত ১০টার দিকে একটি গাছ উপড়ে পড়ে। তখন ঘরে থাকা তাঁর স্ত্রী সাফিয়া বেগম গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

সাফিয়ার ছেলে আলী জব্বার বলেন, ‘গ্রামের স্কুলে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু ঝড়ের সময় আমরা কোথাও না গিয়ে ঘরেই ছিলাম। এভাবে গাছ পড়ে আমার মা মারা যাবে, তা ভাবতে পারিনি।’

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান প্রথম আলোকে বলেন, বিভিন্ন গ্রামে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছিল। কিন্তু সাফিয়ার পরিবার আশ্রয়কেন্দ্রে যায়নি। আশ্রয়কেন্দ্রে গেলে মৃত্যুটা এড়ানো যেত।
শরীয়তপুর সদরের নীলকান্দি এলাকার আনোয়ার ব্যাপারীর ঘরের ওপর একটি গাছ উপড়ে পড়ে। আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘ঘরের ওপর গাছ পড়ে সব শেষ হয়ে গেছে। আমি গরিব মানুষ। এখন ঘর মেরামত করার সামর্থ্য আমার নেই। ঘরে থাকা সব আসবাব ও প্রয়োজনীয় জিনিস নষ্ট হয়ে গেছে।’

গোসাইরহাট উপজেলা সদরের বাসিন্দা সাইফুল্লাহ কায়সার প্রথম আলোকে বলেন, গতকাল সকাল থেকে বিদ্যুৎ নেই, বিকেল থেকে মোবাইল নেটওয়ার্ক নেই। জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান প্রথম আলোকে বলেন, ‘ঘূর্ণিঝড়ে যাতে কম ক্ষয়ক্ষতি হয়, সে দিকে আমাদের চেষ্টা ছিল। ২৯৯টি আশ্রয়কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছিলেন। তাঁরা সকালে নিজেদের বাড়িতে ফিরে গেছেন। তাঁদের জন্য আশ্রয়কেন্দ্রে খাবারের ব্যবস্থা করা হয়েছিল। ঝড়ে যাঁদের ক্ষতি হয়েছে, তাঁদের সহায়তা করা হবে। খাদ্যসহায়তা ও টাকা বিতরণের কাজ করছে উপজেলা প্রশাসন।’