গ্রেপ্তার
গ্রেপ্তার

বরিশালে জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, গ্রেপ্তার ১

মানবাধিকারকর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুল হাসান (জেড আই) খান পান্নার মেয়ে নাদিমা মোহাম্মদী খান (৩৯) বরিশাল নগরের নিজ বাসভবনে হামলার শিকার হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যার দিকে নগরের সদর রোডে সাবেক শিক্ষামন্ত্রী হাসেম আলী খানের বাসভবনে এ ঘটনা ঘটে।

হামলায় আহত নাদিমা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরে আজ রোববার ভোরে তিনি বরিশাল কোতোয়ালি মডেল থানায় তাঁর চাচা নজরুল ইসলাম খানসহ পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ জানায়, এ ঘটনায় এজাহারভুক্ত আসামি তানজিয়া চাঁদনি (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের পাশাপাশি তাঁর (নাদিমা) কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সেই দাবিতে রাজি না হওয়ায় মাদকসেবী ও মাদক বিক্রেতাদের একটি সংঘবদ্ধ দল শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি দিয়ে মারধর করে তাঁকে আহত করেন।

নাদিমা মোহাম্মদী খান আজ রোববার প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার তিনি ও তাঁর চাচাতো বোন ঢাকা থেকে বরিশালের পৈতৃক বাড়িতে আসেন। কয়েকজন যুবক বাড়ির ভেতরে আবর্জনা ফেলে রাখার পাশাপাশি মাদক সেবন ও বেচাবিক্রি করছিলেন। এর প্রতিবাদ করলে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। পরে ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল তাঁদের ওপর হামলা চালায়। একপর্যায়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করেন।

নাদিমা অভিযোগ করেন, পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতে এবং ভবিষ্যতে যাতে তিনি আর বাড়িতে না আসেন, সেই উদ্দেশ্যেই তাঁর চাচা নজরুল ইসলাম খানের প্রশ্রয় ও উসকানিতে এই হামলা চালানো হয়েছে।

নাদিমা অভিযোগ করেন, তাঁকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতে এবং ভবিষ্যতে যাতে তিনি আর বাড়িতে না আসেন, সেই উদ্দেশ্যেই তাঁর চাচা নজরুল ইসলাম খানের প্রশ্রয় ও উসকানিতে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত।

অভিযোগের বিষয়ে জানতে আজ দুপুরে নজরুল ইসলাম খানের সঙ্গে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুল ইসলাম বলেন, ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার হান্নান। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।