
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার সিংনাল বাজারের পাশে কলারোয়া-বাটরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কনস্টেবলের নাম ইমরান হোসেন (৩০)। তিনি কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের শংকরপুর গ্রামের স্কুলশিক্ষক মোনায়েম হোসেনের ছেলে। ইমরান হোসেন রাঙামাটি জেলা সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইমরান হোসেন মোটরসাইকেলে করে বাড়ি থেকে সিংনাল বাজারে যাচ্ছিলেন। সিংনাল বাজারের পাশে বিপরীত দিক থেকে আসা মাটিভর্তি একটি ডাম্পার ট্রাকের চালাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেন। এতে ইমরান মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমরানের বাবা স্কুলশিক্ষক মোনায়েম হোসেন বলেন, এক সপ্তাহ আগে তাঁর ছেলে রাঙামাটির কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। ইমনের পাঁচ বছরের এক পুত্রসন্তান আছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিরউদ্দিন মৃধা বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাটিভর্তি ডাম্পার ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।