সারের জন্য কৃষকের হাহাকারের মধ্যে জামালপুরে মজুত করা ২৭৫ বস্তা সার জব্দ

রাতভর অভিযান চালিয়ে উপজেলার চরপোকেরদহ ইউনিয়নের গোলারমোড় এলাকা থেকে ২৭৫ বস্তা সার উদ্ধার করা হয়
ছবি: প্রথম আলো

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কালোবাজারে বিক্রির জন্য মজুত করে রাখা ২৭৫ বস্তা সার জব্দ করা হয়েছে। পুলিশের সহযোগিতায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে আজ শুক্রবার ভোর ৫টা পর্যন্ত উপজেলার চরপোকেরদহ ইউনিয়নের গোলারমোড় এলাকায় অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়।

অবৈধ সার ব্যবসায়ী মো. সোলাইমান এসব সার মজুত করে রেখেছিলেন। তিনি উপজেলার চরপোকেরদহ ইউনিয়নের গোলারমোড় এলাকার বাসিন্দা। এসব সার তিনি অন্য জেলায় বিক্রির জন্য মজুত করে রেখেছিলেন। তবে ঘটনার পর থেকে সোলাইমান পলাতক।

কয়েকদিন ধরে জামালপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে সার নিয়ে বিশৃঙ্খলা চলছে। সার না পেয়ে অনেক কৃষক ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছেন। গত রোববার উপজেলার শরিফপুর বাজার এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন কৃষকেরা। পরদিন উপজেলার নান্দিনা বাজার এলাকায় আবারও একই মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। একই দাবিতে তুলশিরচর এলাকায় বুধবার কৃষকেরা মানববন্ধন করেন। মঙ্গলবার নরুন্দি ও শাহবাজপুর বাজারে এবং বুধবার মুকুল বাজারে সার না পেয়ে কৃষকেরা হুড়োহুড়ি শুরু করেন। গতকালও কেন্দুয়া বাজারে সার না পেয়ে কৃষকেরা হুড়োহুড়ি করেন।

মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জব্দ করা সারের মধ্যে রয়েছে যমুনার ১২৫ বস্তা ইউরিয়া, ১২৬ বস্তা ডিএপি, ১২ বস্তা এমওপি ও ১২ বস্তা টিএসপি। এ ছাড়া বিপুল পরিমাণ কীটনাশকও জব্দ করা রয়েছে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম জানতে পারেন, কালোবাজারে বিক্রির জন্য একটি গুদামে বিপুল পরিমাণ সার মজুত রাখা হয়। পরে থানা–পুলিশকে সঙ্গে নিয়ে তিনি উপজেলার গোলারমোড় এলাকায় মো. সোলাইমানের ভাড়া করা গুদামে অভিযান চালান। এ সময় সেখান থেকে ২৭৫ বস্তা সার ও বিপুল পরিমাণ কীটনাশক জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আজ ভোর পাঁচটায় এ অভিযান চলে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সোলাইমান দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন সার পরিবেশকদের কাছ থেকে সার কিনতেন। এরপর তিনি বিভিন্ন জায়গায় ভাড়া করে রাখা গুদামে এসব সার মজুত করেন। পরে যে সময় সারের সংকট দেখা দেয়, ঠিক সেই সময় তিনি বেশি দামে সার বিক্রি করেন। অনেক সময় নৌকায় যমুনা নদী পাড়ি দিয়ে বগুড়ার সারিয়াকান্দিসহ বিভিন্ন জায়গায় তিনি এসব সার বিক্রি করতেন।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত সোলাইমান গা ডাকা দিয়েছেন। তাই এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

মো. শাহাদুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সোলাইমান নামের ওই কালোবাজারির সার পরিবেশকের লাইসেন্স নেই। তিনি একজন অবৈধ সার বিক্রেতা। তিনি বিভিন্ন জায়গা থেকে অবৈধ উপায়ে সার সংগ্রহ করে কৃত্রিম সংকট সৃষ্টি করতেন। এরপর তিনি বেশি দামে সার বিক্রি করতেন। উদ্ধার হওয়া এসব সার সরকারনির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে। ওই কালোবাজারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।