নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবিতে মানববন্ধন

নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবিতে মানববন্ধন। শনিবার দুপুরে
ছবি: প্রথম আলো

নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে দরপত্রে বিশেষ শর্ত যুক্ত করাসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে অপসারণের দাবি জানানো হয়েছে। আজ শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে নওগাঁ জেনারেল হাসপাতাল চত্বরে এ মানববন্ধন হয়।

নওগাঁ ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতি নওগাঁ জেলা শাখার সহসভাপতি ও নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দারের (টিপু) সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ছাত্র প্রতিনিধি রিয়াদুল সালেহীন, নওগাঁ জেনারেল হাসপাতালের তালিকাভুক্ত এমএসআর–সামগ্রী সরবরাহকারী ঠিকাদার আশরাফুল ইসলাম, স্থানীয় বাসিন্দা লিয়াকত সরদার, তৌফিক ইমাম, আবুল কালাম আজাদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, চলতি মাসের ৫ জানুয়ারি নওগাঁ জেনারেল হাসপাতালে ওষুধ ও সার্জিক্যালের সামগ্রী কেনার জন্য অনলাইনে এমএসআর দরপত্র আহ্বান করা হয়। এতে বরাদ্দ প্রায় সাড়ে চার কোটি টাকা। পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে তত্ত্বাবধায়ক জাহিদ নজরুল চৌধুরী বিশেষ শর্ত যুক্ত করেছেন। শর্তের বেড়াজালে অংশ নিতে পারছেন না অনেক ঠিকাদার। দরপত্রে বিভিন্ন শর্তাবলির একটি অংশে বলা হয়েছে, দরপত্রের জন্য ঠিকাদার বাছাইয়ের আগেই কাজ পেতে ইচ্ছুক ঠিকাদারকে ওষুধ ও সার্জিক্যালের সামগ্রীর নমুনা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। অথচ এই শর্ত বাংলাদেশের কোনো হাসপাতালে দেওয়া হয় না।

এ ছাড়া হাসপাতালে রোগীদের খাবার সরবরাহ, হাসপাতালের জন্য বরাদ্দ করা ওষুধ বাইরে বিক্রি করে দেওয়াসহ হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহিদ নজরুল, তত্ত্বাবধায়কের প্রধান সহকারী স ম ওমর ফারুক ও ভান্ডাররক্ষক সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। তাঁদের অপসারণসহ তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দরপত্র আহ্বানসহ নিয়ম মেনেই হাসপাতালে সব কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ৫ জানুয়ারি হাসপাতালে বিভিন্ন সামগ্রী কেনার জন্য সাড়ে চার কোটি টাকার এমএসআর–সামগ্রী দরপত্র অনলাইনে আহ্বান করা হয়েছে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ২৬ জানুয়ারি।

নওগাঁ ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতির সহসভাপতি মাসুদ হায়দার বলেন, এমএসআর–সামগ্রী কেনার জন্য যে দরপত্র আহ্বান করা হয়েছে, তাতে তত্ত্বাবধায়ক কিছু শর্ত যুক্ত করেছেন। দরপত্র পাওয়ার আগেই নাকি এমএসআর–সামগ্রীর নমুনা জমা দিতে হবে। এটা সম্পূর্ণ অযৌক্তিক। নিয়মবহির্ভূত শর্তগুলো সংশোধন করে নতুন দরপত্র আহ্বান করতে হবে। এ ছাড়া তত্ত্বাবধায়ক জাহিদ নজরুল চৌধুরী, তত্ত্বাবধায়কের প্রধান সহকারী স ম ওমর ফারুক ও ভান্ডাররক্ষক সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। তাঁদের অপসারণসহ তদন্তের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান মাসুদ হায়দার।

অভিযোগের বিষয়ে মন্তব্য জানার জন্য হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহিদ নজরুল ও ভান্ডাররক্ষক সাজ্জাদ হোসেনকে হাসপাতালে তাঁদের কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি। মুঠোফোনে বারবার কল দিয়েও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের প্রধান সহকারী স ম ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘ঠিকাদার বাছাইসহ হাসপাতালের সব কার্যক্রম নিয়ম মেনে পরিচালিত হয়। বিধি অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের স্বার্থে দরপত্রে যেকোনো যৌক্তিক শর্ত যুক্ত করতে পারে। দরপত্র অনলাইনে আহ্বান করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ঠিকাদার বাছাই করে অনলাইনে নির্বাচিত ঠিকাদারের নাম প্রকাশ করবে। এখানে হাসপাতাল কর্তৃপক্ষের করার কিছু নেই। এ ছাড়া আমাদের বিরুদ্ধে অন্য কোনো অনিয়ম-দুর্নীতি থাকলে, তা তদন্ত করুক। তদন্ত হলেই সঠিক সত্য বের হয়ে আসবে।’