বগুড়ার শেরপুরে এক কিশোরকে (১৩) আটকের পর বিবস্ত্র করে মারধর ও মাথার চুল কেটে নির্যাতনের ঘটনা ঘটেছে। ওই কিশোর স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ওই কিশোরের বাবা গতকাল মঙ্গলবার রাতে থানায় মামলা করেছেন। মামলায় এজাহারভুক্ত ছয় আসামির মধ্যে একজনকে গতকাল রাতেই অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আসামি হলেন মোতালেব আলভী (১৯)। তাঁর বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বেংনাই গ্রামে। মোতালেব আলভী উপজেলার খন্দকারটোলা এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে অনলাইনে নতুন জামাকাপড়ের ব্যবসা করেন। গ্রেপ্তারের পর আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।
শেরপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, খেলাধুলাকে কেন্দ্র করে গত শুক্রবার দুপুরে এজাহারনামীয় ছয় আসামি ওই কিশোরকে উপজেলার খন্দকারটোলা এলাকায় আটক করে মারধর করেন। একপর্যায়ে তার মাথার চুল কেটে বিবস্ত্র করে নির্যাতন চালানো হয়। এ ঘটনায় ওই কিশোর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, চিকিৎসা শেষে গতকাল রাতে ওই কিশোরের বাবা এ ঘটনার সঙ্গে জড়িত ছয়জনের নামে থানায় মামলা করেন। গ্রেপ্তার মোতালেব আলভী এই মামলার দুই নম্বর আসামি। অন্য আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।