সাতকানিয়ায় ট্রাকের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষে প্রবাসীসহ ২ জন নিহত, আহত ৭

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানীহাট-বান্দরবান সড়কে ট্রাকের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষে প্রবাসীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ওই প্রবাসীর স্ত্রীসহ সাতজন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যার দিকে কেরানীহাট-বান্দরবান সড়কের সুয়ালক ফরেস্ট অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন সাতকানিয়া উপজেলার আফজলনগরের মুহুরীপাড়া এলাকার ওমানপ্রবাসী সাজ্জাদ হোসেন (২৬) ও তাঁর বড় ভাই আবদুল হামিদের মেয়ে জোমাইরা খাতুন (৬)। আহত ব্যক্তিরা হলেন সাজ্জাদের স্ত্রী ইয়াসমিন আক্তার (২০), হামিদ হোসেন (৪০), জয়নাব বেগম (৩২), তানিশা আক্তার (৮), তানিয়া আক্তার (২২), জিন্নাত আরা (১৬ মাস) ও মাহিন্দ্রাচালক মুহাম্মদ রিদোয়ান (২৫)। হতাহত ব্যক্তিরা সবাই মাহিন্দ্রার যাত্রী ছিলেন।

পুলিশ, জনপ্রতিনিধি ও নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে সাজ্জাদ পরিবারের সদস্যদের নিয়ে বান্দরবানের সুয়ালক এলাকায় ছোট বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি মাহিন্দ্রা নিয়ে তাঁরা বাড়িতে ফিরছিলেন। মাহিন্দ্রাটি কেরানীহাট-বান্দরবান সড়কের সুয়ালক ফরেস্ট অফিস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়েমুচড়ে গেলে এর সব যাত্রী ও চালক আহত হন।

পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন এবং আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। চট্টগ্রাম নেওয়ার পথে রাত সাড়ে আটটার দিকে শিশু জোমাইরার মৃত্যু হয়।

নিহত সাজ্জাদের বড় ভাই আনোয়ার হোসেন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মুহাম্মদ আয়ুব প্রথম আলোকে বলেন, প্রায় আড়াই মাস আগে ওমান থেকে দেশে আসেন সাজ্জাদ হোসেন। দেশে ফেরার কিছুদিন পর ইয়াসমিন আক্তারের সঙ্গে সাজ্জাদের বিয়ে হয়। গতকাল দুপুরে সাজ্জাদ পরিবারের সদস্যদের নিয়ে বান্দরবানের সুয়ালক এলাকায় ছোট বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাহিন্দ্রাটি জব্দ করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন।