
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে মধুপুর–জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার নল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের আকবর আলী (৫৫)। এ ছাড়া অটোরিকশার দুই যাত্রী জামালপুরের বাংগালীপাড়া গ্রামের মো. ওমর ফারুক (৫০) ও সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ গ্রামের মো. খোকন মিয়া (৬০)।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুস সালাম সিদ্দিক জানান, আজ বেলা সাড়ে তিনটার দিকে জামালপুর থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি টাঙ্গাইলের মধুপুরে যাচ্ছিল। ধনবাড়ী উপজেলার নল্যা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সেটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ দুই যাত্রী নিহত হন।