চাঁপাইনবাবগঞ্জে ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে নির্যাতনের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক মো. সাকির আলীকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, অভিযুক্ত সাকির আলী সদর উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হবে।
ভুক্তভোগী শিশুটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির নাজেরা বিভাগের শিক্ষার্থী।
পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকালে ক্লাস চলাকালে ওই শিক্ষার্থীকে কাঠের স্কেল দিয়ে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে তার গলা টিপে ধরা হয় এবং মেঝেতে আছড়ে ফেলে দেওয়া হয়। ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সব খুলে বলে। পরে পরিবারের লোকজন মাদ্রাসায় গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে নির্যাতনের বিষয়টি নিশ্চিত হয়।
ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, শ্রেণিকক্ষের ভেতরে অন্য শিক্ষার্থীদের সামনে শিশুটিকে নির্যাতন করছেন শিক্ষক সাকির আলী। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষও ক্ষোভ প্রকাশ করেছেন। পরে রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওসি একরামুল হোসাইন বলেন, গতকাল রাতে মাদ্রাসা এলাকা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন। এ ছাড়া সিসিটিভি ফুটেজে নির্যাতনের সত্যতা পাওয়া গেছে।