ভাসানী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন কাল, পদক নীতিমালায় পরিবর্তন নিয়ে ক্ষোভ

কাল টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সমাবর্তন। এ উপলক্ষে শনিবার বিকেলে মহড়ায় অংশ নেন উপাচার্যসহ শিক্ষক–শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সমাবর্তন আগামীকাল। কাল রোববারের সমাবর্তন ঘিরে একদিকে বইছে উৎসবের আমেজ। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের পদক প্রদান নীতিমালায় পরিবর্তন নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

শিক্ষার্থীরা জানান, আগে দুটি সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত অর্ডিন্যান্স অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর ও ডিনস পদক দেওয়া হয়েছিল। কিন্তু কাল অনুষ্ঠেয় তৃতীয় সমাবর্তনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই নীতিমালায় কিছু পরিবর্তন এনেছে। সমাবর্তনের নিবন্ধনপ্রক্রিয়া সম্পন্নের পর এ পরিবর্তন আনা হয়।

এতে স্নাতক ডিগ্রির ক্ষেত্রে ডিনস পদক দেওয়া হবে না এবং স্নাতকোত্তর ডিগ্রিকে কোনো পদকের জন্য বিবেচনা করা হবে না বলে উল্লেখ করা হয়। শুধু স্নাতক পর্যায়ে চ্যান্সেলর ও ভাইস চ্যান্সেলর পদক দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী জানান, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ডিনস তালিকা ও পদককে গুরুত্বপূর্ণ ও সম্মানীয় বলে বিবেচনা করা হয়। কিন্তু এ বিশ্ববিদ্যালয়ে সেটি বাদ দেওয়া হয়েছে।

পদক প্রদান নীতিমালায় পরিবর্তন আনার প্রতিবাদ ও বিশ্ববিদ্যালয়ের প্রচলিত অর্ডিন্যান্স অনুযায়ী তিন ক্যাটাগরিতে পদক দেওয়ার দাবিতে আজ শনিবার বিকেলে সমাবর্তন মঞ্চের কাছে অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা। কর্মসূচিতে অন্যান্য শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই শিক্ষক অপরাধ তত্ত্ব ও পুলিশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইসতিয়াক আহমেদ বলেন, পদক প্রদানের বৈষম্যমূলক নীতিমালা গ্রহণ করার প্রতিবাদে তাঁরা সমাবর্তন বয়কট করবেন।

টাঙ্গাইলের ভাসানী বিশ্ববিদ্যালয়ের পদক নীতিমালা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের অবস্থান। শনিবার বিকেলে সমাবর্তন মঞ্চের কাছে

প্রসঙ্গত, অ্যালামনাই শিক্ষকেরা গত ২২ ফেব্রুয়ারি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে কথা বলেন। পরে শিক্ষক সমিতির সভাতেও বিষয়টি আলোচিত হয়। ২৮ ফেব্রুয়ারি ডিন, বিভাগীয় সভাপতি, একাডেমিক কাউন্সিলের সদস্য ও শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সমন্বয়ে সভা হয়। সভা শেষে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে ডিনস পদক ও স্নাতকোত্তর পর্যায়ের পদক বহাল রাখার দাবি জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার আছে। আন্দোলনকারীরা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। আমি তো তাঁদের না করতে পারি না। নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যা যা করা দরকার, আমরা তা করছি। আমি তাঁদের বলেছিলাম, আপনাদের যা দাবি, তা আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে। তাঁরা চাইলেন আজকের মধ্যে আলোচনা করে সমাধান করতে। কিন্তু আজকের মধ্যে আলোচনা করে সমাধান করা সম্ভব না। অনেকগুলো বিষয় আছে, যেগুলো পাস করতে হবে। সেটা আজ করা সম্ভব নয়। আমি সমাবর্তন বাস্তবায়নের কাজে ব্যস্ত আছি।’

রোববার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের দরবার হলের পাশে মাঠে সমাবর্তনের কার্যক্রম শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডের (সিআরপি) প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর। সমাবর্তনে অংশ নিতে ১ হাজার ৭২৮ জন নিবন্ধন করেছেন বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে।

সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাসে আসতে শুরু করেছেন প্রাক্তন শিক্ষার্থীরা। বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো ক্যাম্পাস। আজ বিকেলে সমাবর্তন শোভাযাত্রার মহড়া অনুষ্ঠিত হয়।