পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর খেয়াঘাট এলাকায় লোহালিয়া নদীতে ইটবোঝাই ট্রলার ডুবে নিখোঁজ হন ট্রলারের শ্রমিক নুরুল ইসলাম।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের ডুবুরিরা লোহালিয়া নদী থেকে নিখোঁজ নুরুল ইসলামের লাশ উদ্ধার করেছেন।
নুরুল ইসলামের (৪৫) বাড়ি পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের নাজিরপুর গ্রামে। তাঁর পিতার নাম আবদুর রশীদ মোল্লা।
স্থানীয় বাসিন্দারা জানান, নুরুল ইসলাম ও আবদুল জলিল নামের অপর এক ট্রলারশ্রমিক মিলে ট্রলারে ইট বোঝাই করে জেলার বাউফলের বগা এলাকায় যাচ্ছিলেন। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর পেয়ে ইটবোঝাই ট্রলারটি প্রতাপপুর খেয়াঘাটে নোঙর করে রাখেন তাঁরা। গতকাল সোমবার দিনভর ভারী বৃষ্টি ও নদী থেকে পানি উঠে ট্রলারটি ডুবতে বসে। সন্ধ্যায় আবহাওয়া ভালো হলেও রাতে জোয়ারে নদীর পানি বাড়তে পারে, এই আশঙ্কায় রাত ৯টার দিকে নুরুল ইসলাম ও আবদুল জলিল ট্রলারটি তীরে আনার চেষ্টা করেন।
ট্রলারশ্রমিক আবদুল জলিল পুলিশকে জানান, নুরুল ইসলাম ট্রলারের ইঞ্জিনের নিচে নেমে ইঞ্জিন চালু করার চেষ্টা করতে থাকেন। তবে পানি উঠে যাওয়ায় ইঞ্জিন চালু করতে পারেননি। এরই মধ্যে ট্রলারটি পানিতে ডুবে যায়। আবদুল জলিল সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নুরুল ইসলাম নিখোঁজ হন।
পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের লিডার মজিবুর রহমান বলেন, খবর পেয়ে সকালে তাঁদের ডুবুরি দল নিয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলের কাছ থেকে নিখোঁজ নুরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।