পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ব্যবসায়ী মজিবর রহমানকে হত্যার অভিযোগে ২০১০ সালের ১১ জুলাই মামলা হয়।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নিজ ভান্ডারিয়া গ্রামে জমি নিয়ে বিরোধে খুন হন ব্যবসায়ী মজিবর রহমান (৪২)। ১৩ বছর আগের এ ঘটনায় দায়ের করা মামলা এখনো বিচারাধীন। দীর্ঘদিনেও মজিবর রহমান হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় নিহত ব্যক্তির তিন ছেলে হতাশা প্রকাশ করেছেন।
নিহত মজিবর রহমানের বড় ছেলে বরিশাল জেলা পুলিশে কর্মরত কনস্টেবল শফিকুল ইসলাম বলেন, ‘আমার বাবার হত্যাকাণ্ডের পর আমার চাচা বাদী হয়ে মামলা করেন। এ ঘটনায় পুলিশ এক আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে। ১০ বছর ধরে হত্যা মামলার বিচার চলছে। এত দিনে বাবার হত্যার বিচার না হওয়ায় আমার ছোট দুই ভাইসহ আত্মীয়স্বজনের কাছে আমাকে এ জন্য কথা শুনতে হয়। তাদের ধারণা, আমি পুলিশে চাকরি করি। অথচ বাবার হত্যার বিচার দ্রুত শেষ করতে কোনো ভূমিকা রাখতে পারছি না।’
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, উপজেলার নিজ ভান্ডারিয়া গ্রামের মজিবর রহমানের সঙ্গে প্রতিবেশী ফোরকান হাওলাদারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। ২০১০ সালের ৮ জুলাই বিকেলে জমি নিয়ে মজিবর রহমানের সঙ্গে ফোরকান হাওলাদারের কথা–কাটাকাটি হয়। ওই দিন সন্ধ্যায় ফোরকান হাওলাদারের নেতৃত্বে লোকজন মজিবর রহমানের ওপর হামলা করেন। এতে মজিবর রহমান গুরুতর আহত হন। প্রথমে তাঁকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ জুলাই তিনি মারা যান। এ ঘটনার পরদিন নিহত মজিবর রহমানের বড় ভাই রুহুল আমিন হাওলাদার বাদী হয়ে ফোরকান হাওলাদারকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করেন। ২০১২ সালের ১৮ ডিসেম্বর মঠবাড়িয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল মামলাটি তদন্ত শেষে ফোরকান হাওলাদারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। বর্তমানে মামলাটি পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন।
ওই আদালতের সহকারী সরকারি কৌঁসুলি জহুরুল ইসলাম বলেন, মামলার সাক্ষীরা যথাসময়ে সাক্ষ্য না দেওয়ার কারণে মামলার বিচারকাজ শেষ করতে সময় লেগে যায়। এ ছাড়া করোনা এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক না থাকার কারণে মামলাটির বিচারকাজ শেষ করতে বিলম্ব হচ্ছে।