নড়াইলের লোহাগড়ার কালনায় মধুমতী সেতু চালুর প্রথম ১৬ ঘণ্টায় আড়াই হাজার যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ২ লাখ ৯০ হাজার টাকা।
গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মধুমতী সেতুর উদ্বোধন করেন। এরপর সোমবার দিনগত রাত ১২টা থেকে সেতুতে গাড়ি চলাচল শুরু হয়।
মধুমতী সেতুর পূর্ব পাড়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা এবং পশ্চিম পাড়ে নড়াইলের লোহাগড়া উপজেলা। উদ্বোধনের পর থেকেই ছয় লেনের দৃষ্টিনন্দন এই সেতু দেখতে ভিড় করছেন অনেকে। আজ মঙ্গলবার বিকেলে সেতুতে দর্শনার্থীদের ঢল নামে।
গোপালগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তথ্য মতে, সোমবার রাত ১২টা থেকে আজ বিকেল ৪টা পর্যন্ত সেতুতে ২ হাজার ৫০০টি গাড়ি চলাচল করেছে। এর মধ্যে সোমবার রাত ১২টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সেতুটি পাড়ি দেয় ১ হাজার ৫০০ যানবাহন। এসব যান থেকে টোল আদায় করা হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাড়ি চলেছে ১ হাজার, টোল আদায় হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা।
তবে এখনো সেতুতে ডিজিটাল পদ্ধতিতে টোল আদায় শুরু হয়নি বলে জানিয়েছেন গোপালগঞ্জ সওজের উপসহকারী প্রকৌশলী মো. আবদুল হালিম খান। তিনি বলেন, প্রতিটি টোলের কম্পিউটার রশিদ কয়েক সেকেন্ডের মধ্যে দেওয়া হচ্ছে। এখনো টোল ইজারা দেওয়া হয়নি। তাই সওজ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা টোল আদায় করছেন।
সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে মধুমতী সেতুর টোল হার নির্ধারণ করে দেওয়া হয়েছে। কনটেইনার বা ভারী মালামাল পরিবহনে সক্ষম যানের টোল ধরা হয়েছে ৫৬৫ টাকা। বড় ট্রাক বা কাভার্ড ভ্যান ৪৫০ টাকা, মাঝারি ট্রাক ২২৫ টাকা, বড় বাস ২০৫ টাকা, ছোট ট্রাক ১৭০ টাকা, পাওয়ার টিলার বা ট্রাক্টর ১৩৫ টাকা, মিনিবাস বা কোস্টার ১১৫ টাকা, মাইক্রোবাস বা পিকআপ ৯০ টাকা, সিডান কার ৫৫ টাকা, টেম্পো বা সিএনজিচালিত অটোরিকশা ২৫ টাকা, মোটরসাইকেল ১০ টাকা ও ভ্যান, রিকশা বা বাইসাইকেল ৫ টাকা।
সেতুর টোল প্লাজায় আজ দুপুরে কথা হয় ভারতের আগরতলা-ঢাকা-কলকাতা রুটের রয়েল মৈত্রী আন্তর্জাতিক সার্ভিস পরিবহনের চালক মো. মোস্তফার সঙ্গে। তিনি বলেন, ‘আগে পদ্মা সেতু, ফরিদপুর ও মাগুরা হয়ে চলাচল করেছি। আজ প্রথম এই পথে এসেছি। এতে ৩৫ কিলোমিটার পথ কম হয়েছে। সময় ও খরচ কমছে। বেনাপোল থেকে এ সেতুতে আসতে আড়াই ঘণ্টা লেগেছে।’ কাভার্ড ভ্যানচালক জাকির হোসেনও ওই একই কথা জানান।
ঢাকা-কলকতা রুটের শ্যামলী পরিবহনে কলকাতা থেকে ঢাকা ফিরছিলেন নারায়ণগঞ্জের মৌমিতা সাহা (২৫)। তিনি বলেন, ‘এ পথে সময় কম লাগছে। এ ছাড়া সুন্দর একটি সেতু দেখতে পেলাম।’
গোপালগঞ্জ শহর থেকে বনশ্রী দত্ত, বিথি ভৌমিক, রবিউল শেখ, বিপ্লব বিশ্বাস, পরিতোষ মজুমদার ও অলোক বিশ্বাস আজ বিকেলে সেতুটি দেখতে এসেছিলেন। তাঁরা বলেন, ছয় লেনের সেতু এটি। এর প্রতি আকর্ষণ তো থাকবেই।
গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থী তিন বন্ধু তাসকীম শেখ, সানভী আহমেদ ও লিমন হোসেনকে সেতুতে ছবি তুলতে দেখা গেল। তাসকীম শেখ বলেন, এ সেতু এ অঞ্চলের গর্ব।
সেতুর ওপর কথা হয় ফুল ও খুচরা মালামাল বিক্রেতা ফরিদুপরের ভাঙ্গার রেজাউল খানের সঙ্গে। তিনি জানান, সোমবার সেতু উদ্বোধনের সময় থেকে তিনি এখানে এসব বিক্রি করছেন। রাতে বাড়ি গিয়েছিলেন, সকালে আবার এসেছেন। সোমবার আধা বেলায় প্রায় চার হাজার টাকার মালামাল বিক্রি করেছেন। অন্তত ২৫ জন এভাবে ভ্রাম্যমাণ ব্যবসায় করছেন সেতুতে।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে ৯৬০ কোটি টাকা ব্যয়ে মধুমতী সেতু নির্মিত হয়েছে। মধুমতী নদীর ওপর ৬৯০ মিটার দীর্ঘ সেতুটি স্থানীয়ভাবে ‘কালনা সেতু’ নামে পরিচিত। সেতুটি নড়াইল, গোপালগঞ্জ, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, যশোর ও ঝিনাইদহ জেলাকে সংযুক্ত করেছে।