চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোরিয়ান ইপিজেড এলাকায় নৌকার আদলে তৈরি হচ্ছে মঞ্চ। ৯৬ ফুট লম্বা ও ৪৮ ফুট প্রশস্ত মঞ্চে ২৫০ জন বসতে পারবেন। মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে পাঁচ দিন আগে। শতাধিক শ্রমিক রাতদিন কাজ করছেন মঞ্চ তৈরিতে। রাতে তাঁবু টানিয়ে মাঠেই থাকছেন শ্রমিকেরা। ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে ঘিরে চলছে এমন প্রস্তুতি। সেদিন কর্ণফুলীর তলদেশে দেশের প্রথম টানেল উদ্বোধন করে এই মাঠে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
আজ রোববার সকালে আনোয়ারা উপজেলার কোরিয়ান ইপিজেড মাঠে গিয়ে দেখা গেল শ্রমিকদের কর্মব্যস্ততা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে এখন থেকেই কঠোর নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে সভাস্থল।
আওয়ামী লীগের দক্ষিণ জেলার শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, টানেল উদ্বোধনের পর সকাল ১০টায় কেইপিজেড মাঠে জনসভা শুরু হবে। এর আগে জনসভার সময় ছিল বেলা একটায়। সময় পরিবর্তন হওয়ায় এখন জনসমাগম নিয়ে কিছুটা ভাবনায় পড়েছেন আওয়ামী লীগ নেতারা। তারপরও কয়েক লাখ লোকের সমাগম হবে বলে মনে করছেন তাঁরা। দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতারা জনসভা আয়োজনের দায়িত্বে রয়েছেন।
জানতে চাইলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, মঞ্চের কাজ শুরু হয়ে গেছে। নৌকার আদলে মঞ্চটিতে ২৫০ জন বসতে পারবেন। তবে কারা বসবেন, তা এখনো ঠিক হয়নি। জনসভার মাইক আসছে ঢাকা থেকে। ঢাকার ‘কলরেডি’ কোম্পানি শব্দযন্ত্র নিয়ে আসবে। প্রধানমন্ত্রীর বক্তব্য সভাস্থলে এলইডি মনিটরের মাধ্যমে প্রচারও করা হবে।
মঞ্চের কাজ পেয়েছে চট্টগ্রামের সাহাবউদ্দিন ডেকোরেশন। ৪ হাজার ৬০৮ বর্গফুট আয়তনের মূল মঞ্চের দুই পাশে নৌকার আদল থাকবে বলে জানান এই ডেকোরেশন কোম্পানির ব্যবস্থাপক খন্দকার মানিক আহমেদ। তিনি বলেন, পাঁচ দিন আগে থেকে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। মঞ্চ তৈরির জন্য নিরবচ্ছিন্নভাবে শতাধিক লোক কাজ করছেন। কেইপিজেড মাঠটি অনেক ভেতরে। সেখানে যোগাযোগব্যবস্থার জন্য প্রয়োজন হয় নিজস্ব গাড়ি। আশপাশে দোকানপাটও নেই। তাই শ্রমিকেরা সেখানেই খাওয়াদাওয়া এবং রাত যাপন করেন বলে জানান তিনি।
মানিক আহমেদ বলেন, মঞ্চের কাজ দ্রুত এগিয়ে চলছে। মঞ্চের সামনে ২৫ মিটার, ৩০ মিটার ও ৩৫ মিটার দূরত্বে বাঁশের ব্যারিকেড থাকবে। জনসভার তিন চার দিন আগে মঞ্চটি বুঝিয়ে দেওয়া হবে। ১০ হাজারের মতো মানুষ চেয়ারে বসার ব্যবস্থা থাকবে।
জনসভায় জনসমাগমের জন্য দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপজেলা কমিটিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা থেকে এক লাখ করে লোকসমাগমের লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে মফিজুর রহমান বলেন, ‘আমরা জনসমাগমের জন্য প্রতিটি উপজেলা কমিটিকে দায়িত্ব দিয়েছি। স্থানীয় সংসদ সদস্যদের নেতৃত্বেও বিপুলসংখ্যক লোকজন আসবেন। দক্ষিণের বাইরে মহানগর ও উত্তর থেকেও লোকজন আসবে আশা করছি। সব মিলিয়ে কয়েক লাখ লোকের সমাগম হবেই।’
এর আগে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফের উপস্থিততে দক্ষিণ জেলার বর্ধিত সভা অনুষ্ঠিত হয় কেইপিজেডে। জনসভাকে সামনে রেখে হওয়া ওই সভায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান উপস্থিত ছিলেন। লোকসমাগমের বিষয়টিতে তাঁরাও জোর দেন।
জানতে চাইলে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসভার মূল কাজ করছে দক্ষিণ জেলা। তবে আমরা নেতা-কর্মীরা যাব। বিপুল লোকসমাগম হবে এই জনসভায়।’