
কক্সবাজার শহরের পর্যটন করপোরেশনের হোটেল শৈবালের সামনের সড়কে তখন আওয়ামী লীগের নেতা–কর্মীদের ঢল। ঘড়িতে বেলা দেড়টা বাজে। সবাই তখন যাচ্ছেন শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জনসভায়। নেতা-কর্মীদের ভিড়ের মধ্যে সবার মনোযোগ কাড়ছেন সড়কের পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা মধ্যবয়সী এক ব্যক্তি।
ওই ব্যক্তির নাম মো. সেলিম। পরনে বাদামি রঙের পাঞ্জাবি আর ‘মুজিব কোট’। মাথায় লাল–সবুজ রঙের টুপি। সবার আকর্ষণ মূলত সেলিমের সজ্জিত মোটরসাইকেলের দিকে। তাই মোটরসাইকেলের পেছনে বেঁধে রাখা হয়েছে দলীয় প্রতীক নৌকার প্রতিকৃতি। পুরো নৌকাটি জাতীয় পতাকার সঙ্গে মিলিয়ে লাল–সবুজ রং করা হয়েছে। নৌকার ওপরে লেখা—‘নৌকায় ভোট দিন’।
পথচারী ও নেতা-কর্মীরা সেলিমের নৌকার পাশে দাঁড়িয়ে মুঠোফোনে ছবি তুলছেন। শেখ কামাল স্টেডিয়ামগামী অনেক নেতা–কর্মী সেলিমকে ডাক দিয়ে বলছেন, তাঁর মোটরসাইকেল নিয়ে মিছিলের অগ্রভাগে থাকতে। কিন্তু সেদিকে সাড়া নেই সেলিমের।
সেলিমের বাড়ি চট্টগ্রাম মহানগরের হালিশহর এলাকায়। তিনি প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর আদর্শ। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর অনুপ্রেরণা। শেখ হাসিনার জনসভায় যোগ দিতে তিনি মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজারে এসেছেন। এ জন্য গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে তিনি চট্টগ্রামের হালিশহর থেকে মোটরসাইকেল নিয়ে রওনা দেন। প্রায় ১৫৮ কিলোমিটার সড়কপথ অতিক্রম করে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কক্সবাজার শহরে পৌঁছান। পুরো পথ একা মোটরসাইকেল চালিয়ে এসেছেন বলে দাবি করেন তিনি।
এত দূর আসার কারণ জানতে চাইলে সেলিম বলেন, জনসভাস্থলে পৌঁছাতে সময় লেগেছে ৯ ঘণ্টার বেশি। এত দূর আসার উদ্দেশ্য একটাই—নৌকার প্রচারণা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষ যেন আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকায় ভোট দেন।
আজ বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের কাছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা। জনসভায় যোগ দিতে আজ সকাল থেকে জেলার টেকনাফ, উখিয়া, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া ও পেকুয়া থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতা–কর্মীরা জনসভাস্থলে আসছেন। বেশির ভাগ নেতা–কর্মীদের পরনে লাল, হলুদ, সবুজসহ বিভিন্ন রঙের টি–শার্ট ও মাথায় একই রকম টুপি দেখা গেছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল পৌনে চারটার দিকে জনসভাস্থলে পৌঁছছেন। তবে এর আগেই শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের বিশাল মাঠ লাখো মানুষের উপস্থিতিতে ভরে গেছে।