মোটরসাইকেলের বহর নিয়ে রাজশাহীমুখী বগুড়ার নেতা-কর্মীরা, পথে পথে বাধার অভিযোগ

মোটরসাইকেল বহর নিয়ে গণসমাবেশের পথে ছাত্রদল–যুবদলের নেতা–কর্মীরা। আজ শুক্রবার দুপুরে নওগাঁ সদরের বাইপাস সড়কের বালুডাঙ্গা এলাকায়
ছবি: প্রথম আলো

রাজশাহীতে বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে বগুড়া থেকে মোটরসাইকেলের বহর নিয়ে রওনা হয়েছেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। আজ শুক্রবার সকালে রওনা হওয়া বহরটিতে প্রায় এক হাজার মোটরসাইকেল ছিল বলে দাবি করেছেন নেতারা। পথে পথে তল্লাশির নামে পুলিশের বাধা ও মাঝপথ থেকে বহরটিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ করেছেন তাঁরা।

মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ করাসহ ১০ দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে পরিবহন ধর্মঘট শুরু করেছে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতি। আজ শুক্রবার ধর্মঘটের দ্বিতীয় দিন। বিএনপি নেতাদের অভিযোগ, আগামীকাল শনিবার রাজশাহীর গণসমাবেশ বাধাগ্রস্ত করতেই ধর্মঘট ডাকা হয়েছে। এখন নেতা-কর্মীদের স্রোত আটকাতে গাড়ি শূন্য মহাসড়কে তল্লাশিচৌকি বসিয়ে পথে পথে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে পরিবহন নেতারা বলছেন, এটি তাদের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবেই ধর্মঘট ডাকা হয়েছে। এর সঙ্গে বিএনপির গণসমাবেশের সম্পর্ক নেই।

বগুড়া জেলা ছাত্রদল-যুবদলের নেতারা অভিযোগ করেন, আজ সকাল ১০টায় বগুড়া থেকে মোটরসাইকেলের বহর নিয়ে তাঁরা রওনা দেন। বগুড়া শহরের চারমাথা সেঞ্চুরি মোটেলের সামনে পুলিশ বহরটিকে আটকে দেয়। প্রথমে থামতে না চাইলে পুলিশ মারমুখী হয়ে কয়েকজন চালককে লাঠিপেটা করে। ভাঙচুর করে ছয়-সাতটি মোটরসাইকেল। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের তর্কযুদ্ধ বাধে। শেষে কাগজপত্র তল্লাশির নামে ১৫-২০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। জব্দ করা হয় মোটরসাইকেল। বাকি মোটরসাইকেল চারমাথা অতিক্রম করতে পারলেও পথে পথে পুলিশের তল্লাশিচৌকির মুখে পড়তে হয় নেতা-কর্মীদের।

বগুড়ার আদমদিঘি উপজেলায় পৌঁছার পর পুলিশের বাধার মুখে পড়েন নেতা–কর্মীরা

বগুড়া সদর ট্রাফিকের পরিদর্শক (প্রশাসন) মাহবুবর রহমান বলেন, কাউকে হয়রানি উদ্দেশ্যে নয়; নিয়মিত তল্লাশির অংশ হিসেবেই তল্লাশিচৌকি বসানো হয়েছে। সেখানে কে কোন দল করে, সেটা দেখার বিষয় নয়। যেসব মোটরসাইকেলের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি, শুধু সেসব মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। অন্যদের কাগজপত্র তল্লাশি করে ছেড়ে দেওয়া হয়েছে। ওই বহরের ১৪-১৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দিয়ে জব্দ করা হয়েছে।

মোটরসাইকেলবহরে নেতৃত্ব দেওয়া বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী বলেন, বহরে প্রথমে ১ হাজার ৮০০ মোটরসাইকেল যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু চারমাথায় জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ ও গোয়েন্দা পুলিশ আগে থেকেই বহর আটকে দেওয়ার জন্য অবস্থান নেয়। নেতা-কর্মীরাও গ্রামীণ সড়ক দিয়ে বিকল্প পথে খণ্ড খণ্ড বহর নিয়ে রাজশাহী পৌঁছার কৌশল নিয়েছেন।

নূরে আলম সিদ্দিকী আরও বলেন, চারমাথা অতিক্রম করার পর কাহালুর মুরইল, দুপচাঁচিয়া, আদমদীঘির সাহারপুকুর এবং আদমদীঘি বাজারেও পুলিশ তল্লাশিচৌকিতে বহর আটকে নেতা-কর্মীদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা, মোটরসাইকেল আটক এবং নেতা-কর্মীদের থানায় নেওয়ার চেষ্টা করে। বগুড়ার পর সাহারপুকুর তল্লাশিচৌকিতে তিনটি মোটরসাইকেল আটক করা হয়েছে। স্বাভাবিক সময়ে বগুড়া থেকে আদমদীঘি পর্যন্ত ২৮ কিলোমিটার পথ মোটরসাইকেলে পেরোতে ৩০ মিনিটের বেশি লাগার কথা নয়, অথচ পথে পথে পুলিশের বাধা ডিঙিয়ে এইটুকু পথ পেরোতে সময় লেগেছে প্রায় তিন ঘণ্টা। তবু রাজশাহীর সমাবেশে যোগ দিতে অনড় নেতা-কর্মীরা।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি ও সাহারপুকুর বাজারে দুটি তল্লাশিচৌকি বসানো হয়েছে। অবৈধ যানবাহন জব্দের অভিযান চলছে।