বেনাপোলে ফিলিং স্টেশনের মালিকানা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

যশোর জেলার মানচিত্র
যশোর জেলার মানচিত্র

পাঁচ বছর আগে যশোরের বেনাপোলে একটি ফিলিং স্টেশন কিনে এখনো দখল বুঝে পাননি বলে অভিযোগ করেছেন শার্শা উপজেলার বসতপুর গ্রামের ব্যবসায়ী জামাল হোসেন। আজ মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন জামাল হোসেনের ভাই আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেনের দাবি, ফিলিং স্টেশনটি হস্তান্তর না করে উল্টো একের পর এক ষড়যন্ত্রমূলক মামলা করা হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষের লোকজন। প্রতিপক্ষের লোকজনের দাবি, স্থানীয় যুবলীগের নেতাদের প্রশ্রয়ে তাঁদের মালিকানাধীন ফিলিং স্টেশনটি জোর করে দখলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, ‘আমার ভাই ব্যবসায়ী জামাল হোসেনের সঙ্গে শার্শা উপজেলার যাদবপুর গ্রামের গোলাম কিবরিয়ার সুসম্পর্ক ছিল। বিভিন্ন সময়ে ৪ কোটি টাকার বেশি টাকা ধার নেন কিবরিয়া। যার সব কাগজ আছে। এ টাকা পরিশোধে ব্যর্থ হয়ে ২০১৭ সালের ৩০ মে ১ কোটি ৩০ লাখ টাকার বিনিময়ে বেনাপোল বন্দর এলাকার “তনিমা ফিলিং স্টেশন” জামাল হোসেনের নামে লিখে দেন গোলাম কিবরিয়া।’

সংবাদ সম্মেলনে বলা হয়, লিখিত চুক্তি অনুযায়ী ফিলিং স্টেশনটি ২০২০ সালে হস্তান্তর করার কথা। এর মধ্যে গোলাম কিবরিয়া মারা যান। এখন কিবরিয়ার স্ত্রী ইয়াসমিন আক্তার, ছেলে ফাইজার কিবরিয়া, ফারদিন কিবরিয়া ও মেয়ে তনিমা তাসনুভা স্টেশনটি দখল করে রেখেছেন। ফিলিং স্টেশনটি দখলে রাখতে তাঁরা ২০২০ সালের ২৭ অক্টোবর যশোরের যুগ্ম জেলা জজ আদালতে হয়রানিমূলক মামলা করেন। কিন্তু সেই মামলা আদালত খারিজ করে দেন। এখন তাঁরা হামলার অভিযোগ তুলে একের পর এক হয়রানিমূলক মামলা করে চলেছেন।

অভিযোগ অস্বীকার করে গোলাম কিবরিয়ার মেয়ে তনিমা তাসনুভা প্রথম আলোকে বলেন, ২০১৭ সালে তাঁর বাবা গোলাম কিবরিয়ার মাথায় বন্দুক ঠেকিয়ে জোর করে ফিলিং স্টেশনের জমি লিখে নেন জামাল হোসেন ও তাঁর লোকজন। তখন বাবা একটি মামলা করেছিলেন। ২০২২ সালের জানুয়ারিতে তিনি মারা যান। এরপর স্থানীয় যুবলীগের নেতাদের প্রশ্রয়ে জামাল ও আনোয়ার জোর করে ফিলিং স্টেশন দখল করতে আসেন। তাঁরা আমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপান। ওই ঘটনায় বন্দর থানায় মামলা করা হয়েছে। এ ছাড়া ফিলিং স্টেশনের মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান।