
ঝিনাইদহ-১ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) প্রার্থী মো. শহীদুল এনাম পল্লব মিয়া ‘কাঁচি’ প্রতীক বরাদ্দ পেলেও ডাক ব্যালটে তাঁর নামের পাশে ‘কাস্তে’ প্রতীক দেখা যাচ্ছে।
আসনটিতে মোট ৪ হাজার ৬০ জন ভোটার ডাক ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। মোট পাঁচজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আবেদনকারীদের কাছে ইতিমধ্যেই ডাক ব্যালট পাঠানো হয়েছে। অনেকেই ইতিমধ্যে ভোট দিয়েছেন এবং ব্যালট পেপার ফেরত দিয়েছেন।
প্রার্থী মো. শহীদুল এনাম পল্লব মিয়া বলেন, ঝিনাইদহ-১ নির্বাচনী এলাকায় ডাক ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদনকারী দেশের বিভিন্ন স্থানে কর্মরত বেশ কয়েকজন ব্যক্তি তাঁকে জানিয়েছেন, ব্যালটে তাঁর নামের পাশে প্রতীক ‘কাঁচি’–এর পরিবর্তে ‘কাস্তে’ আছে। এটি অবহেলার কারণে নাকি ভুলের কারণে তা তিনি বুঝতে পারছেন না। তিনি বিষয়টি নির্বাচন কর্মকর্তাদের জানিয়েছেন। তাঁরা কী ব্যবস্থা নেন, তা দেখার জন্য অপেক্ষায় আছেন।
প্রার্থী মো. শহীদুল এনাম পল্লব মিয়া বলেন, অনেক ভোটার ইতিমধ্যেই তাঁদের ভোট দিয়েছেন এবং ব্যালট ফেরত দিয়েছেন। এই নির্বাচনী এলাকার সব ব্যালট পেপার বাতিল না করে আবার নতুন করে পাঠানো না হলে সমস্যার সমাধান করা যাবে না। নির্বাচন কমিশন যদি যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে তিনি প্রয়োজনে আইনি পদক্ষেপ নেবেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদ বলেন, মুদ্রণ ত্রুটির কারণে এটি হয়েছে। ইতিমধ্যে এটির সংশোধন করা হয়েছে। আগের ব্যালট বাতিল করে নতুন ব্যালট পাঠানো হয়েছে বলে তিনি জানান।