কুমিল্লায় হাত–পায়ের রগ কেটে ও কুপিয়ে তরুণকে হত্যা

ফয়সাল ইসলাম
ছবি: সংগৃহীত

থার্টি ফার্স্ট নাইটের পার্টি থেকে এক তরুণকে ডেকে নিয়ে হাত-পায়ের রগ কেটে এবং কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। শনিবার দিবাগত রাতে কুমিল্লা নগরের দক্ষিণ চর্থা বড়পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

নিহত ওই তরুণের নাম ফয়সাল ইসলাম হৃদয় (১৯)। তিনি দক্ষিণ চর্থা বড়পুকুরপাড় এলাকার বাচ্চু মিয়ার ছেলে। রোববার সকালে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।

নিহতের মামা জয়নাল আবেদিন বলেন, বিশ্বকাপ ফুটবল খেলার সময় আর্জেন্টিনা ও ব্রাজিল নিয়ে হৃদয়ের সঙ্গে স্থানীয় কয়েকজন তরুণের দ্বন্দ্ব হয়। তাঁরা ওই সময় হৃদয়কে মেরে ফেলবেন বলে হুমকি দেন। এরপর শনিবার রাতে হৃদয় ও তাঁর বন্ধুরা বড়পুকুরপাড়ের প্রাইমারি স্কুলের সামনে থার্টি ফার্স্ট নাইটের পার্টিতে আনন্দ-উল্লাস করছিলেন। একপর্যায়ে দক্ষিণ চর্থা পশ্চিম পাড়া এলাকার কয়েকজন তরুণ হৃদয়কে কৌশলে সেখান থেকে ডেকে নিয়ে যান। পরে তাঁরা তাঁকে ছুরিকাঘাত করেন এবং হাত-পায়ের রগ কেটে দেন। রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে তাঁকে রেখে সবাই পালিয়ে যান। পরে স্বজনেরা সেখান থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত হৃদয়ের বড় বোন শিউলি আক্তার জানান, বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা জয়ী হলে অন্যদের সঙ্গে হৃদয় আনন্দমিছিল করেন। এ সময় স্থানীয় কয়েকজন তরুণের সঙ্গে হৃদয়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই তরুণেরা হৃদয়কে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা হয়। শনিবার রাত দুইটার দিকে হৃদয় ও তাঁর বন্ধুরা থার্টি ফার্স্ট নাইটের পার্টি করছিলেন। তখন হৃদয়কে খবর দিয়ে নিয়ে যান বিপক্ষের কয়েকজন তরুণ। সেখানে তাঁরা তাঁর ভাইয়ের হাত-পায়ের রগ কেটে দেন এবং তাঁর ভাইকে কুপিয়ে হত্যা করেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন  জানান, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, স্থানীয় কিশোরদের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে জড়িত ব্যক্তিদের আটক করা সম্ভব হবে।’