
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবের সময় বসতঘরে গাছের চাপায় পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় একই পরিবারের আরও দুজন আহত হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার কনকসার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কনকসার এলাকার আবদুর রাজ্জাকের স্ত্রী আসমা বেগম (২৮) ও তাঁর মেয়ে সুরাইয়া আক্তার (৩)। আহত ব্যক্তিরা হলেন আবদুর রাজ্জাক (৩৫) ও তাঁর ছেলে আরাফাত হোসেন (১০)। এর মধ্যে রাজ্জাককে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজনের বরাতে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল তায়েবীর প্রথম আলোকে বলেন, সোমবার রাতে সিত্রাংয়ের তাণ্ডব শুরু হলে ওই পরিবারের ঘরের চালে বড় আকৃতির একটি গাছ ভেঙে পড়ে। এ সময় গাছ ও টিনের চালার নিচে চারজনই চাপা পড়েন। আজ মঙ্গলবার সকালে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় স্থানীয় লোকজন রাজ্জাকের ঘরের অবস্থা দেখে সামনে এগিয়ে যান এবং হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারা দেশে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৬ জেলা থেকে ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সময়ের ব্যবধানে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, সিত্রাংয়ের প্রবল বৃষ্টির পর এখন দেশে বৃষ্টি কমে আসবে। সেই সঙ্গে বৃষ্টির ফলে যে ঠান্ডা আবহাওয়া ছিল, তা-ও কমে যাবে। বাড়বে তাপমাত্রা, যদিও তা বেশি পরিমাণ হবে না। এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে।