পল্লি সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের (সিআইবিআরআর) আওতায় ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সেতু নির্মাণের দরপত্র আহ্বান করা হয়।

নির্মাণাধীন সেতুর দুই পাশে গার্ডার ও ভিত্তি তৈরি করতেই কেটে গেছে দুই বছর। এর মধ্যে প্রকল্পের মেয়াদও শেষ হয়েছে বছর তিনেক আগে। কিন্তু সেতু নির্মাণের অগ্রগতি সামান্যই। সম্প্রতি সেতুর দুটি গার্ডারও ধসে পড়ে।
স্থানীয় লোকজন বলছেন, ঠিকাদারের গাফিলতি, নিম্নমানের কাজ এবং সেতুর তদারকির দায়িত্বে থাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের উদাসীনতার জন্যই এমনটি হয়েছে। এ চিত্র নেত্রকোনার দুর্গাপুরের জারিয়া-শংকরপুর সড়কের তাঁতিরকোনা এলাকায় কংস নদের ওপর সেতু প্রকল্পের।
সেতু তদারকির দায়িত্বে থাকা নেত্রকোনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রহিম শেখ ঠিকাদারের পক্ষে সাফাই গেয়ে প্রথম আলোকে বলেন, ‘সেতুর কাজ নিম্নমানের হয়নি। এটা স্থানীয় মানুষেরা অহেতুক দোষারোপ করছেন। ঢালাইয়ের কয়েক দিনের মধ্যে হঠাৎ নদে বন্যার পানি বেড়ে যাওয়ায় গার্ডার শক্ত হওয়ার আগে ধসে পড়ে। এখন তা নতুন করে করতে হচ্ছে। এতে ঠিকাদারের লোকসান হচ্ছে। সব জিনিসের দাম এখন বেশি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান সময়ক্ষেপণ করায় নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ করতে পারেনি। আমি জেলায় যোগদান করার পর প্রতিষ্ঠানটিকে দ্রুত কাজ শেষ করতে নোটিশ দিয়েছি। এখন কাজের গতি এগোচ্ছে।’
নেত্রকোনা এলজিইডি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লি সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের (সিআইবিআরআর) আওতায় ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সেতু নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। পরে ওই বছরের ১০ এপ্রিল কার্যাদেশ দেওয়া হয়। সেতুটির দৈর্ঘ্য ২৪০ মিটার এবং প্রস্থ ৩২ ফুট। ১৯ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার টাকা ব্যয়ে কাজ পায় মেসার্স উদয়ন বিল্ডার্স অ্যান্ড অসীম সিংহ (জেবি) নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের মেয়াদকাল ধরা হয় দুই বছর। ২০২০ সালের ১৩ মে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ২০১৯ সালে শুধু সেতুর বিকল্প পথ তৈরি করে কাজ বন্ধ হয়ে যায়। এরপর ২০১৮ সালের জানুয়ারি থেকে শুরু হয় মূল সেতুর কাজ। কিন্তু সেতুর দুই পাশে পাইল ও ভিত্তি তৈরি করতেই কেটে গেছে পুরো বছর। দুই বছর মেয়াদের এই সেতুর এখনো ৩৫ শতাংশ কাজ বাকি রয়েছে।
এলজিইডি বলছে, সেতুতে শুধু মাঝের গার্ডার ঢালাইয়ের কাজ ও দুই পাশের সংযোগ সড়ক বাকি আছে। ঠিকমতো কাজ চললে সব মিলিয়ে তিন-চার মাসের মধ্যে শেষ হয়ে যাবে।
গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ১০ থেকে ১২ জন শ্রমিক সেতুর মাঝে রড বাঁধাইয়ের কাজ করছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন ওই সড়ক দিয়ে তাঁতিরকোনা, জারিয়া, ঝাইনজাইল, গাওকান্দিয়া, বাধুয়াশ্রীপুর, শিবগঞ্জ, ঈশ্বরখোলা, ঢালুয়াকান্দা, শংকরপুর, মুন্সিপাড়া, রামপুর, কাকৈরগড়া, নাটোরকোনা, বড়বাট্টাসহ পার্শ্ববতী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ২০ হাজারের মতো মানুষ চলাচল করেন। এ ছাড়া স্কুল-কলেজে যাওয়া-আসা করে শতাধিক শিক্ষার্থী। সেতুটি শেষ না হওয়ায় মানুষের দুর্ভোগ রয়েই গেছে।
ঈশ্বরখোলা গ্রামের বাসিন্দা ফয়সাল ইকবাল, সোহাগ মিয়া, রুবেল খানসহ কয়েকজন জানান, লাখের বেশি মানুষ রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়ছেন।
শংকরপুর এলাকার কৃষক নুরু আমিন বলেন, সেতুটির জন্য এসব গ্রামের মানুষের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না। এত দিন পর সেতু হলেও এর কাজের মান তেমন ভালো হচ্ছে না। রড কম দিল না ঠিক দিল, তা কর্তৃপক্ষ দেখে না। মাস দুয়েক আগে হঠাৎ করে সেতুর মাঝে নির্মাণাধীন দুটি গার্ডার ধসে পানিতে ভেসে গেছে। যখন ঢালাইয়ের কাজ হয়, তখন এলজিইডির লোকজন দেখতে আসেন। অন্য কোনো সময় তাঁদের দেখা মেলে না।
স্থানীয় গাওকান্দিয়া ইউপির চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, ‘সেতুটি না হওয়ায় মানুষ খুবই দুর্ভোগ পোহাচ্ছেন। আমরা চাই, দ্রুত কাজ শেষ হোক।’
ঠিকাদার অসীম সিংহের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। তবে ঠিকাদারের প্রতিনিধি অনিল চন্দ্র ঘোষ বলেন, ‘কাজের সময় তিনবার বাড়ানো হয়েছে। এখন আরও কয়েক মাস সময় আছে। কাজ নিম্নমানের হয়নি। গার্ডার ঢালাইয়ের টেনশনিং না হওয়ায় ও বন্যার পানির কারণে ভেঙে যাওয়ায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। কাজটি দ্রুত শেষ করা হবে।’