
কক্সবাজার থেকে ঢাকামুখী পর্যটন এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের এক কর্মচারী আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টা ১৫ মিনিটে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রেল কর্মচারীর নাম ছাবের আহমদ (৫২)। তিনি রেলের বেডিং পোর্টার (ট্রেনের এসি এবং অন্যান্য কোচে যাত্রীদের জন্য বেডিং—চাদর, বালিশ, কম্বল সরবরাহ করা ব্যক্তি) পদে কর্মরত। তাঁর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তাঁকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর মাথায় ১০টি সেলাই করা করা হয়েছে।
রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাত পৌনে আটটায় কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি যাত্রা শুরু করে। ট্রেনটি ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলস্টেশন পার হয়ে ডুলাহাজারা রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগে এক দুর্বৃত্ত এতে পাথর ছুড়ে মারে। পাথরটি ছাবের আহমদের মাথায় এসে লাগে। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে ট্রেন থামিয়ে তাঁকে উপজেলার মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
জানতে চাইলে ডুলাহাজারা রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘ঈদগাঁও ও চকরিয়া উপজেলার মধ্যবর্তী স্থানে পাথর নিক্ষেপের ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। আহত ছাবের আহমদের মাথায় ১০টি সেলাই করা হয়েছে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’