হাসপাতাল থেকে ফিরেই আবার হামলার শিকার বৃদ্ধা কুসুম রানী

হাসপাতালের জরুরি বিভাগে কুসুম রানী মণ্ডল। সোমবার দুপুরে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে
ছবি: প্রথম আলো

বসতভিটার জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় আহত কুসুম রানী মণ্ডল (৭২) সাতক্ষীরার শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে গতকাল রোববার বাড়িতে ফেরেন। এরপর আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আবারও হামলার শিকার হয়েছেন তিনি।

বসতভিটা দখলে বাধা দেওয়ায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন কুসুম রানী। শ্যামনগর উপজেলার কুলতলি গ্রামের এ ঘটনায় রক্তাক্ত অবস্থায় তাঁকে আবারও শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন প্রতিবেশীরা। তাঁর মাথার জখমে ছয়টি সেলাই দিতে হয়েছে।

কুলতলি গ্রামের জয়দেব মণ্ডল ও রবিন মণ্ডল প্রথম আলোকে বলেন, বসতভিটার ৩২ শতক জমি নিয়ে কুসুম রানীর ছেলে তুষার মণ্ডলের সঙ্গে তাঁর চাচাতো ভাই লক্ষ্মীকান্ত মণ্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আজ দুপুরের দিকে ভাড়াটে এরশাদ আলীর নেতৃত্বে লক্ষ্মীকান্ত লোকজন নিয়ে এসে ওই জমি দখল করে নেন। এ সময় তাঁরা জমিতে থাকা গাছ কাটেন। কুসুম রানী বাধা দিতে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

কুসুম রানীকে কারা মেরেছেন, তা জানেন না বলে মন্তব্য করেন লক্ষ্মীকান্ত মণ্ডল। তিনি প্রথম আলোকে বলেন, পৈতৃক সম্পত্তির ৩২ শতক জমি দীর্ঘদিন ধরে জোর করে দখলে রেখেছেন তাঁর চাচাতো ভাই তুষার মণ্ডল। কয়েক দিন আগে জেলা আওয়ামী লীগের এক নেতা এসে ওই জমি তাঁর দখলে দিয়ে যান। সেই থেকে ওই জমি তাঁর দখলে রয়েছে।

তবে জেলা আওয়ামী লীগের ওই নেতার প্রশ্রয়ে লক্ষ্মীকান্ত মণ্ডল বারবার তাঁদের ওপর হামলা করছেন বলে অভিযোগ করেন কুসুম রানী।

তিনি বলেন, প্রতিপক্ষের করা মিথ্যা মামলায় গ্রেপ্তারের ভয়ে তাঁর ছেলেসহ পরিবারের সদস্যরা গ্রামছাড়া। এই সুযোগে গত শুক্রবার এরশাদ আলীর নেতৃত্বে লক্ষ্মীকান্ত মণ্ডল দলবল নিয়ে তাঁদের বসতভিটার জমি দখলের চেষ্টা চালান। বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয়। পরে তাঁকে প্রতিবেশীরা শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আজ আবারও এরশাদ ও লক্ষ্মীকান্ত দলবল নিয়ে এসে তাঁর বসতভিটার গাছ কাটতে শুরু করেন। এ সময় বাড়িতে কেউ না থাকায় তিনি বাধা দিতে যান। এ কারণে তাঁকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত করা হয়।

জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মুর্শিদ বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।