সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

ছেলের মোটরসাইকেলের পেছন থেকে সড়কে পড়ে যাওয়া মা বাসের চাকায় পিষ্ট

যশোরের বাঘারপাড়া উপজেলায় ছেলের মোটরসাইকেলের পেছন থেকে মহাসড়কের ওপর পড়ে যান এক মা। এ সময় দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। বুধবার বিকেলে উপজেলার চাড়াভিটা এলাকায় যশোর-নড়াইল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম আয়েশা খাতুন (৪৫)। তিনি বাঘারপাড়া উপজেলার ছাইবাড়িয়া গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী। তাঁকে নিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন ছেলে হজরত আলী।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, বুধবার বিকেলে বৃষ্টি হচ্ছিল। বিকেল সাড়ে পাঁচটার দিকে ছেলে হজরত আলী মা আয়েশা খাতুনকে নিয়ে মোটরসাইকেলে করে উপজেলার চাড়াভিটা বাজার থেকে যশোর-নড়াইল আঞ্চলিক মহাসড়ক দিয়ে ছাইবাড়িয়া গ্রামের বাড়িতে ফিরছিলেন। চাড়াভিটা বাজার থেকে প্রায় ২০০ গজ দূরে পারহাউজের পাশে যশোর-নড়াইল আঞ্চলিক মহাসড়ক থেকে মোড় নিয়ে ছাইবাড়িয়া যাওয়ার সড়কে ঢোকার সময় অসাবধানতাবশত আয়েশা খাতুন মোটরসাইকেলের পেছন থেকে মহাসড়কের ওপর পড়ে যান। এ সময় যশোর থেকে ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী বলেন, বৃষ্টির মধ্যে মোটরসাইকেলের পেছন থেকে মহাসড়কের ওপর পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে আয়েশা খাতুন মারা গেছেন। বাসটি পালিয়ে গেছে। বাস শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।