দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে বসে ছিলেন দুজন, বাসের ধাক্কায় প্রাণ গেল একজনের

বাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। রোববার দুপুরে যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বাজার এলাকায় যশোর-খুলনা মহাসড়কে
ছবি: প্রথম আলো

যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে বসে ছিলেন দুজন। বাসের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরেকজন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া বাজার এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম ইকবাল হোসেন (৩৮)। তিনি অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের আবদুর রহিম সরদারের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিকমিস্ত্রি ছিলেন। আহত তরুণের নাম নয়ন শেখ (২৫)। তিনি একই গ্রামের মুজিবর শেখের ছেলে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন একটি খননযন্ত্র দিয়ে চেঙ্গুটিয়া বাজার এলাকায় যশোর-খুলনা মহাসড়কের কিছু অংশ খুঁড়ে ফেলেন। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বেলা দেড়টা থেকে মহাসড়ক দিয়ে আবার যানবাহন চলাচল শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে ইকবাল হোসেন ও নয়ন শেখ একটি মোটরসাইকেলে করে উপজেলার নওয়াপাড়া বাজার থেকে যশোর-খুলনা মহাসড়ক দিয়ে যশোরের দিকে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বাজার এলাকায় পৌঁছে তাঁরা মহাসড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে তার ওপর বসে ছিলেন। মোটরসাইকেলের সামনের দিকে ইকবাল ও পেছনে নয়ন শেখ বসে ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস অন্য একটি বাসকে অতিক্রম করা সময় তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইকবাল মারা যান। গুরুতর আহত হন নয়ন শেখ। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় নয়নকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, বাসের ধাক্কায় ইকবাল হোসেন নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নয়ন শেখ নামের আরেক ব্যক্তি। ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।