ময়মনসিংহে সড়ক সংস্কারে রাখা মাটি পড়ছে পুকুরে, নাগরিক সমাজের উদ্বেগ

সড়ক সংস্কারের জন্য ময়মনসিংহ নগরের বাতিরকলের ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়ের সামনের পুকুর পাড়ে ফেলা হচ্ছে মাটি।গতকাল তোলা
ছবি: প্রথম আলো

ময়মনসিংহ নগরের বাতিরকল এলাকায় অবস্থিত ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়ের সামনের সড়ক সংস্কারের জন্য পুকুরপাড়ে ফেলা হচ্ছে মাটি। ওই মাটি পুকুরের পানিতে পড়ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক সমাজ। নাগরিক সমাজের দাবি, ময়মনসিংহ নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত এ পুকুরটি ভরাট ও দখলের শঙ্কার মধ্যে রয়েছে। পুকুরপাড়ে এ ধরনের মাটি ফেলা সে শঙ্কাকে বাড়িয়ে তুলেছে।

তবে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দাবি, পুকুরের পাড়ঘেঁষা সড়কের অংশটি সংস্কার করার জন্য মাটি ফেলা হচ্ছে। এতে পুকুরে দুই থেকে তিন ফুট ভরাট হতে পারে। তাতে পুকুরের কোনো ক্ষতি হবে না।

গত শুক্রবার বিকাল থেকে পুকুরটির পাড়ে মাটির স্তূপ দেখা যায়। তখন থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পোস্ট দিয়ে পুকুরটি ভরাটের শঙ্কা প্রকাশ করছেন। গতকাল শনিবার ময়মনসিংহের নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’–এর একটি প্রতিনিধিদল সরেজমিনে পুকুরপাড়ে মাটি ফেলা দেখতে যায়। পরে জনউদ্যোগের আহ্বায়ক আইনজীবী নজরুল ইসলাম ময়মনসিংহের জেলা প্রশাসকের কাছে পুকুরপাড়ে মাটি ভরাটের বিষয়টি জানান। পুকুরটি কোনোভাবেই যেন ভরাট না হয়, সে ব্যাপার ব্যবস্থা নিতে অনুরোধ জানান।

নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ পুকুর অনেক দিন ধরেই দখল আর ভরাটের শঙ্কার মধ্য রয়েছে। গতকাল শনিবার আমরা দৃশ্যত দেখেছি, পুকুরের পাড়ে মাটি ফেলা হচ্ছে। সে মাটি পুকুরেও পড়েছে। যে কারণে আমরা শঙ্কিত। ২০১৭ সালে স্কুল কর্তৃপক্ষ পুকুরটি ভরাটের উদ্যোগ নিয়েছিল। সেবারও আমরা প্রতিবাদ করেছি। পরে পরিবেশ অধিদপ্তর পুকুর ভরাট বন্ধ করে। ময়মনসিংহ নগরের অগ্নিনির্বাপণ কাজে এ পুকুরটি খুব গুরুত্বপূর্ণ। যে কারণে আমাদের দাবি কোনোভাবেই যেন পুকুরটির অস্তিত্ব বিলীন না হয়।

সওজের ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কে বি এম সাদ্দাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়ের সামনে সড়কটির কিছু মাটি পুকুরে ভেঙে পড়ে গেছে। এতে সড়কটি ঝুঁকির মধ্যে পড়ায় আমরা সেটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। আরসিসি প্লেট দিয়ে পুকুরের পাড় আটকে দেওয়া হবে। যাতে সড়কটি ভেঙে না যায়। এতে বর্তমান পুকুরটি দুই থেকে তিন ফুট ভরাট হয়ে যেতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে পুকুরের মূল সীমানা ঠিক থাকবে। ওই সড়কের প্রস্থ ৩৪ ফুট। কিন্তু পুকুরটির সামনে প্রস্থ কিছুটা কম। সংস্কারের পর প্রস্থ ৩৪ ফুট হবে। সংস্কারকাজের ঠিকাদারকে আমরা বলে দেব, যেন পুকুরটি কোন ক্ষতি না হয়।’

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান প্রথম আলোকে বলেন, ‘নাগরিক সমাজের পক্ষ থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। সওজের কাছ থেকে জেনেছি সড়ক সংস্কারের জন্য সেখানে মাটি ভরাট করা হচ্ছে। পুকুরটি ভরাটের কোনো প্রশ্নই আসে না।’