
বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়া ৩৩ কেজি ওজনের পোপা মাছটি ২ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারের ফিশারিঘাটে মোহাম্মদ ইছাহাক সওদাগর নামের এক মাছ ব্যবসায়ী মাছটি কিনে নেন। এর আগে গতকাল ভোরে মাছটি ধরা পড়ে। টেকনাফের শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ফিশারিঘাটে ওই মাছটির দাম হাঁকানো হয়েছিল ১০ লাখ টাকা। এক ব্যবসায়ী তখন পাঁচ লাখ টাকায় কিনতে চেয়েছিলেন, তবে ট্রলারমালিক আরও দামের আশায় বিক্রি করেননি।
যে ট্রলারের জেলেদের জালে পোপা মাছটি ধরা পড়েছিল, সেই ট্রলারের মালিক মোহাম্মদ ঈসমাইল জানান, বেশি দামের আশায় তাঁর ছোট ভাইকে দিয়ে মাছটি কক্সবাজারে পাঠিয়েছিলেন। কিন্তু মাছটি নারী প্রজাতির হওয়ায় আশানুরূপ দাম পাননি।
টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ট্রলারমালিকের ভাগ্য খারাপ। মাছটি পুরুষ প্রজাতির হলে কমপক্ষে ৮-১০ লাখ টাকায় বিক্রি করা যেত। পুরুষ পোপা মাছের বায়ুথলি বেশ মূল্যবান। কিন্তু নারী প্রজাতির বায়ুথলি ছোট ও পাতলা হয়, তাই দাম কম। পোপা মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিশ্বের বিভিন্ন দেশে এই মাছের চাহিদা আছে।
শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আতা উল্লাহ বলেন, এক মাস ধরে সাগরে প্রচুর ইলিশ ধরা পড়লেও জেলেরা অন্য মাছ তেমন পাচ্ছিলেন না। এর মধ্যে কয়েকটি ট্রলারে কিছু পরিমাণ লাল কোরাল ধরা পড়েছে। এখন জেলেরা পোপা মাছ ও লাল কোরালের আশায় সাগরে মাছ ধরতে যাচ্ছেন।
স্থানীয় লোকজনের কাছে মাছটি ‘কালা পোপা’ নামে পরিচিত। এ মাছের মূল আকর্ষণ হলো পেটের ভেতরে থাকা পটকা বা বায়ুথলি (এয়ার ব্লাডার)। এই বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। এ জন্য পোপা মাছের এমন চড়া দাম।
স্থানীয় মাছ ব্যবসায়ী আমির আহমদ বলেন, চলতি বছর এখানকার ফিশিং ট্রলারে আরও দুটি কালা পোপা মাছ ধরা পড়েছিল। ওই দুটি মাছ বিক্রি হয়েছিল ৮ থেকে ১০ লাখ টাকায়। এই মাছের পটকা থাইল্যান্ড ও সিঙ্গাপুরে রপ্তানি করা হয়। এ ছাড়া মাছটি কেটে বিক্রি করলে প্রতি কেজি ৫৫০-৬৫০ টাকায় বিক্রি করা সম্ভব।