রাজশাহীর মোহনপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেল চারটার দিকে উপজেলার বেড়াবাড়ী দিঘির মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বিরের বাবার নাম আলমগীর। তাঁর বাড়ি মোহনপুর উপজেলার বেড়াবাড়ী এলাকায়। তাঁর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা মো. সাব্বির (২১) নামের ওই তরুণের ওপর হামলা চালায়। তাঁকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। স্বজনেরা তাঁকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সন্ধ্যা ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের অভিযোগ, এ ঘটনার সঙ্গে ওই গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক চেয়ারম্যানের ছেলেসহ দুজন জড়িত।
মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম গতকাল রাত পৌনে ১০টার দিকে জানান, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হননি।