
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাত শুরু হওয়ার আগে থেকেই নোয়াখালীর বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। গতকাল সোমবার ভোররাত থেকেই জেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। আজ মঙ্গলবার দুপুরের দিকে জেলা শহর মাইজদীর কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও উপজেলাগুলোতে এখনো বিদ্যুৎ নেই। এর মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকার অবস্থা সবচেয়ে নাজুক।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা এ পরিস্থিতির জন্য ঘূর্ণিঝড়ের সময় গাছের ঢালপালা ভেঙে বিদ্যুতের লাইনের ওপর পড়া ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়াকে দায়ী করেছেন।
বিউবো ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে জেলা শহর মাইজদী ছাড়াও জেলার প্রধান বাণিজ্যিক শহর বেগমগঞ্জের চৌমুহনীসহ নয়টি উপজেলায় বিদ্যুতের লাইনের ক্ষতি হয়েছে। এতে পল্লী বিদ্যুতের লাইনের কমপক্ষে ৩৩টি খুঁটি ভেঙে পড়েছে। এ ছাড়া দুই শতাধিক স্থানে বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়েছে। বেশ কয়েকটি স্থানে ৩৩ কেভিএ ও ১১ হাজার কেভিএ বিদ্যুতের লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিভিন্ন উপজেলার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে হাতিয়া ছাড়া অন্য কোনো উপজেলায় গতকাল বিকেল পর্যন্ত তেমন ঝোড়ো বাতাস বা বৃষ্টি ছিল না। তবে গতকাল ভোর থেকেই সুবর্ণচর, হাতিয়ার উত্তরাংশের দুটি ইউনিয়ন, কবিরহাট, কোম্পানীগঞ্জ, সেনবাগ ও সদর উপজেলার বেশির ভাগ এলাকায় পল্লী বিদ্যুতের সরবরাহ বন্ধ ছিল। এরপর সন্ধ্যার দিকে ঝড়–বৃষ্টি শুরু হলে উপজেলাগুলো বিদ্যুৎহীন হয়ে পড়ে।
সুবর্ণচরের চরবাটা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এমনিতেই কয়েক দিন ধরে লোডশেডিং চলছে। এখন ঘূর্ণিঝড়ের কারণে একেবারেই বিদ্যুৎহীন হয়ে পড়েছে। মুঠোফোনের নেটওয়ার্কও নেই। গতকাল বিপদের মুহূর্তে নিকট আত্মীয়দের খোঁজখবরও নিতে পারেননি।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতি সর্ববিদ্যা আজ সকালে প্রথম আলোকে বলেন, গতকাল ভোররাত থেকে তাঁর উপজেলায় পল্লী বিদ্যুতের সরবরাহ বন্ধ। দাপ্তরিক প্রয়োজনেও তিনি অনেকের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে জেলার নয়টি উপজেলাতেই পল্লী বিদ্যুতের লাইনের ক্ষতি হয়েছে। গতকাল রাত ১২টা পর্যন্ত ৩৩টি খুঁটি ভেঙে পড়ার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া কমপক্ষে ২০০ জায়গা থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার খবর পেয়েছেন তাঁরা।
এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত লাইনগুলো মেরামত ও খুঁটিগুলো পুনঃস্থাপন করে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানান জাকির হোসেন। তিনি বলেন, আজ সকাল থেকে কাজ শুরু হয়েছে। তবে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে কতক্ষণ লাগবে, তা বলতে পারেননি তিনি।
বিউবোর নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নরুল আমিন আজ দুপুর ১২টার দিকে প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলা শহর মাইজদীর সার্কিট হাউস সড়ক, চিকিৎসা সহকারী প্রশিক্ষণ স্কুল (ম্যাটস), হাউজিং এলাকাসহ বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে পড়ে কমপক্ষে ২০টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। এ ছাড়া বিদ্যুতের লাইন ছিঁড়ে গেছে অনেক স্থানে। সকাল থেকে বিউবোর কর্মীদের পাশাপাশি শ্রমিকেরা কাজ করছেন। বেলা ১১টার দিকে শহরের দু-তিনটি লাইন আংশিক চালু করা সম্ভব হয়েছে। বাকি লাইনগুলো পর্যায়ক্রমে চালু করা হবে।