
খুলনায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন জেলা ও নগর বিএনপি এবং সহযোগী সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। ওই মিছিলে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এ ঘটনায় বিএনপির পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। আজ বুধবার বেলা দুইটার দিকে খুলনা নগরের শেরেবাংলা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ বেলা দুইটার দিকে খুলনা নগরের শেরেবাংলা রোড এলাকায় জোহরা খাতুন স্কুলের সামনে বিএনপির কিছু নেতা–কর্মী একত্র হন। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে আমতলা মোড়ের দিকে এগোতে থাকেন। এ সময় মিছিলের পেছন দিক থেকে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ঘটনার সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি বাসসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করে দুর্বৃত্তরা। এরপর মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
বিএনপির নেতারা দাবি করেন, মিছিলের পেছন দিকে যাঁরা ছিলেন, তাঁদের ওপর হামলা হয়েছে। অনেকগুলো গাড়ি ও ইজিবাইক ভাঙচুর করা হয়েছে। এ হামলার ঘটনায় তাঁদের পাঁচজন আহত হয়েছেন। দলটির নেতাদের দাবি অনুযায়ী, আহতরা হলেন ওয়ার্ড বিএনপি নেতা সগীর, তরিকুল ইসলাম, আইনজীবী এস এম মারুফ, যুবদলের নেতা আল মামুন ও ছাত্রদলের নেতা আব্দুস সালাম।
নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিএনপির গণমাধ্যম সেলের সদস্যসচিব মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপির শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি ও চলমান আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল এ ঘটনা ঘটাচ্ছে। ওই মহল এর আগে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ করেছে, গাড়ি পুড়িয়েছে কিন্তু মামলা হচ্ছে বিএনপির নেতা–কর্মীদের নামে।
এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, বিএনপির লোকজন নিজেরাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে কারা হামলা করেছে, তা বের করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে। কেএমপির সদর, সদর থানা ও সোনাডাঙ্গা থানা–পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।