
রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতির ডাকা পরিবহন ধর্মঘট আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুরু হয়েছে। ১০ দফা দাবিতে ডাকা এ ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
পূর্বঘোষণা অনুযায়ী আজ সকাল থেকে আনুষ্ঠানিকভাবে পরিবহন ধর্মঘট শুরু হলেও গতকাল বুধবার রাত থেকেই আন্তজেলা অনেক বাস সিরাজগঞ্জ থেকে ছাড়েনি। ধর্মঘটের কারণে আজ সকাল থেকেই ঢাকাগামী বাসগুলো সিরাজগঞ্জ শহর থেকে না ছেড়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকা থেকে ছেড়ে গিয়েছে। তবে সেগুলোয় যাত্রীর সংখ্যা অনেক বেশি ছিল। বাসের সংখ্যা ছিল তুলনামূলক অনেক কম। এ ছাড়া অন্য জেলা থেকেও কোনো বাস সিরাজগঞ্জে ঢুকছে না বা ছেড়েও যাচ্ছে না। শুধু সিরাজগঞ্জ পৌর শহরের এম এ মতিন বাস টার্মিনাল থেকে জেলা–উপজেলা পর্যায়ের কিছু বাস চলাচল করছে। তবে এর পরিমাণও অনেকটা কম দেখা গেছে।
ধর্মঘটে বাস না পেয়ে বিপাকে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। অনেকেই পরিবহন ধর্মঘটের বিষয়ে কিছু জানেন না। সিরাজগঞ্জ থেকে রাজশাহীতে গিয়ে বিপাকে পড়েছিলেন বেলকুচি উপজেলার সাহাদাত হোসেন। সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের কড্ডার মোড় এলাকায় দেখা হয় তাঁর সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভোর সাড়ে পাঁচটার দিকে রাজশাহী থেকে সিরাজগঞ্জ আসার কোনো ধরনের বাস না পেয়ে শহরের ভদ্রা মোড় থেকে একটি পিকআপ ভ্যানে অনেক কষ্টে নাটোর আসি। এরপর সেখান থেকে ভেঙে ভেঙে সিরাজগঞ্জ রোড হয়ে কড্ডার মোড়ে এলাম। এতে খরচ যেমন বেশি হয়েছে, তেমনই অনেক দুর্ভোগ পোহাতে হলো।’
পরিবহন মালিক সমিতি ধর্মঘট ডেকেছে, এর জন্য আমরা শ্রমিকেরা বসে রয়েছি। কাজ না করলে আমাদের কেউ টাকা দেবে না। ধর্মঘটের কারণে সব বিপদ শ্রমিকদের।সুলতান তালুকদার, সভাপতি, সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন
সিরাজগঞ্জ এম এ মতিন বাস টার্মিনাল এলাকায় এসেছেন বগুড়াগামী যাত্রী আবদুল মালেক (৪৮)। তিনি তাঁর স্ত্রী-সন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছেন। বাস বন্ধ থাকায় অপেক্ষা করে গন্তব্যে না গিয়ে শেষে আবার বাড়ি ফিরে গেছেন।
এদিকে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বাসের চালক ও চালকের সহকারীদের অলস সময় পার করতে দেখা গেছে। সিরাজগঞ্জ থেকে পাবনাগামী শুভযাত্রা পরিবহনের একটি বাসের চালক আহমেদ আলী বলেন, ‘যে অবস্থা দেখছি, তাতে রোববারের আগে বাস চলবে না। এই তিন দিনে আমার কমপক্ষে তিন হাজার টাকা আয় কম হবে। দ্রব্যমূল্যের যে অবস্থা, এ সময় এমন ধর্মঘটের কারণে আমাদের মতো শ্রমিকদের পরিবার-পরিজন নিয়ে চরম বিপদে পড়তে হচ্ছে।’
পৌর শহরের মিরপুর বাস টার্মিনালে গিয়েও একই চিত্র দেখা গেল। বাসের শ্রমিকেরা রোদে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছেন। টার্মিনালের ভেতরে ও বাইরের রাস্তায় আন্তজেলার বাসগুলো দাঁড় করিয়ে রাখা হয়েছে। বাসচালকের সহকারী সবুর হোসেন প্রথম আলোকে বলেন, ‘গতকাল বিকেল থেকেই আমাদের ধর্মঘট শুরু হয়ে গেছে। আগামী কয়েক দিন আর কোনো কাজ নেই। সবার অবস্থা দেখতে টার্মিনালে আসছি।’ সবুর হোসেন আরও বলেন, ‘ধর্মঘটের কারণে আমাদের আগামী কয়েক দিন কোনো আয়রোজগার হবে না। আমরা দিন কামাই করে দিন খাই, আমাদের সমস্যা কেউ দেখে না।’
সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার বলেন, ‘পরিবহন মালিক সমিতি ধর্মঘট ডেকেছে, এর জন্য আমরা শ্রমিকেরা বসে রয়েছি। কাজ না করলে আমাদের কেউ টাকা দেবে না। ধর্মঘটের কারণে সব বিপদ শ্রমিকদের।’
ধর্মঘটের বিষয়ে সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি মেজবাহুল ইসলাম প্রথম আলোকে বলেন, মহাসড়কে নছিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যান চলাচল বন্ধ করাসহ ১০ দফা দাবিতে আজ ভোর থেকে স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘট চলছে। কোথাও কোনো সমস্যা হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবেই। ধর্মঘটের মধ্যেই মহাসড়কের কড্ডার মোড় থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস ছেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, কিছু বাস ঢাকা থেকে সিরাজগঞ্জ এসে আটকে পড়েছিল। সেগুলো যেতে দেওয়া হয়েছে। এখন সব বন্ধ রয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, দেশের অন্যান্য বিভাগের মতো রাজশাহী বিভাগজুড়েও পূর্বপরিকল্পিতভাবে ধর্মঘট ডেকেছে আওয়ামী লীগ। সিরাজগঞ্জেও সব পরিবহন বন্ধ করা হয়েছে। তবে গতকালই বিএনপির অনেক নেতা-কর্মী রাজশাহী পৌঁছে গেছেন। ধর্মঘট উপেক্ষা করে আজও নেতা-কর্মীরা যাচ্ছেন। ধর্মঘট ডেকে বিএনপির সমাবেশে লোকসমাগম ঠেকানো যাবে না।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী প্রথম আলোকে বলেন, ‘এ ধর্মঘটের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই। এটি পরিবহনমালিকদের বিষয়। আমরা এ বিষয়ে অবগত নই।’