
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় টানা প্রায় ১৮ ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় আছে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ১৩০টি গ্রাম। গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় এসএসসি পরীক্ষার্থীসহ প্রায় ৭৪ হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, কালবৈশাখীতে উপজেলার বিভিন্ন স্থানে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের ওপর বাঁশ ও গাছপালা ভেঙে পড়ে। এতে একাধিক খুঁটি ভেঙে যায় এবং তার ছিঁড়ে যায়। ফলে সন্ধ্যা ছয়টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত সংযোগ মেরামতের কাজ চলছে।
উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মো. জসিম উদ্দিন বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত লাইনের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। দ্রুত মেরামতের চেষ্টা চলছে।
বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। উপজেলা সদরের দুই এসএসসি পরীক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলে, রাতে পড়াশোনা করতে পারেনি তারা। প্রচণ্ড গরমেও কষ্ট পোহাতে হয়েছে।
কলাদী এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পাখা বন্ধ থাকায় গরমে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানির পাম্প চালানো না যাওয়ায় বিশুদ্ধ পানির সংকটও দেখা দিয়েছে। তিনি অভিযোগ করেন, পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে ফোন করলেও সাড়া পাওয়া যায়নি।